দুধের কৌটায় ফেনসিডিল, তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে দুধের কৌটায় করে ফেনসিডিল বহনের সময় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বনপাড়া বাইপাস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ওই তরুণের নাম মো. জয় হক (২৪)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার বাকড়া গ্রামের ফজলুল হকের ছেলে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ১৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, গতকাল রাতে উপজেলার বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবদুল বারেক বনপাড়া বাইপাসে দায়িত্ব পালন করছিলেন। এ সময় দুধের বড় কৌটা নিয়ে এক তরুণকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন এসআই আবদুল বারেক।

পরে ওই তরুণকে ডেকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তরুণ বলেন, তিনি গোপালপুর থেকে দুধ কিনে নিয়ে বিক্রির উদ্দেশ্যে নাটোর শহরে যাচ্ছেন। পরে ওই কৌটা তল্লাশি করলে ১৩৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

এসআই আবদুল বারেক বলেন, ওই তরুণ পুলিশের চোখ ফাঁকি দিয়ে ফেনসিডিল বিক্রির চেষ্টা করছিলেন। ওই তরুণ মূলত লালপুরের গোপালপুর থেকে ফেনসিডিল কিনে দুধের কৌটায় বহন করছিলেন। পুলিশ ফেনসিডিলের মূল সরবরাহকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে।