দুপচাঁচিয়ায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মামার বিরুদ্ধে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ২১ ডিসেম্বর উপজেলার একটি গ্রামে ওই শিশুর নানাবাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার দিন গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে বলে জানিয়েছেন তার বাবা।

এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে ওই শিশুর বাবা বাদী হয়ে শিশুর মামাকে (২২) আসামি করে দুপচাঁচিয়া থানায় মামলা করেছেন। ওই শিশুর বাবা কাহালু উপজেলার একটি গ্রামের ইজিবাইকচালক। শিশুটি দুপচাঁচিয়া উপজেলার একটি গ্রামে নানাবাড়িতে থেকে পার্শ্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ে। এদিকে অভিযুক্ত ওই তরুণ শিশুটির মায়ের চাচাতো ভাই। তিনি পেশায় রংমিস্ত্রী।

মামলা সূত্রে জানা গেছে, ২১ ডিসেম্বর চিপস খাওয়ানোর কথা বলে শিশুটিকে নিজ বাড়িতে ডেকে আনেন ওই তরুণ। এ সময় ওই বাড়িতে কেউ ছিল না। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে শিশুটিকে ওই তরুণ ধর্ষণ করেন। পরে রক্তক্ষরণ হয়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে নানাবাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ওই শিশু বর্তমানে হাসপাতালের গাইনি ওয়ার্ডের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের ওসিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, শিশুটির রক্তক্ষরণ বন্ধ হয়েছে। এখন সে অনেকটা শঙ্কামুক্ত।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ওই তরুণ গা ঢাকা দিয়েছেন। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী আজ বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই শিশুর বাবা দুপচাঁচিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত ওই তরুণকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।