দুপচাঁচিয়ায় লক্ষ্যমাত্রার ১০ ভাগ চালও সংগ্রহ হবে না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কেজি চাল তৈরিতে উৎপাদন খরচ পড়ে সাড়ে ৩৬ টাকা। কিন্তু এবার ইরি-বোরো মৌসুমে সরকারি সংগ্রহের জন্য চালের দর কেজিপ্রতি ৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে লোকসান গুনতে হবে চালকলের মালিকদের। তাই সরকারিভাবে চাল সংগ্রহের শেষ দিন গতকাল শনিবার পর্যন্ত বগুড়ার দুপচাঁচিয়ায় মাত্র ৫২ জন চালকলের মালিক চাল সরবরাহের জন্য সরকারের সঙ্গে চুক্তি করেছেন।

এবার উপজেলায় ১৭ হাজার ৩৯৫ মেট্রিক টন চাল সংগ্রহের জন্য বরাদ্দ আসে, কিন্তু শেষ দিন পর্যন্ত ৫২ জন চালকলের মালিক মাত্র ১ হাজার ৩৫০ মেট্রিক টন চাল সরবরাহের জন্য চুক্তি করেছেন। ফলে এ উপজেলায় ১৬ হাজার ৪৫ মেট্রিক টন চাল (৯২ শতাংশ) সংগ্রহ অনিশ্চিত হয়ে পড়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, এবার উপজেলায় ১৭ হাজার ৩৯৫ মেট্রিক টন চাল সংগ্রহের জন্য বরাদ্দ এসেছে। উপজেলায় ১০টি স্বয়ংক্রিয় মেশিনে চাল উৎপাদন কারখানা (অটো রাইস মিল) এবং ৫২০টি হাসকিং মিল রয়েছে।

 নাম প্রকাশ না করার শর্তে ১০-১২ জন চালকলের মালিক বলেন, আগে চাতালের ব্যবসা ভালো ছিল। তিন-চার বছরে ব্যবসায়ীরা লোকসান খেয়ে পুঁজি হারিয়েছেন। ব্যাংকের ঋণে জড়িয়ে পড়েছেন চাতালের ব্যবসায়ীরা। বেশির ভাগ চালকলের মালিক দুই মৌসুমের সরকারি বরাদ্দের চাল সরবরাহ করে বছরের খরচটা তুলে নেন। কিন্তু এবারই প্রথম বরাদ্দের জন্য চুক্তিবদ্ধ হলে কেজিপ্রতি দুই-আড়াই টাকা লোকসান গুনতে হবে ব্যবসায়ীদের।

উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজি আবদুর রাজ্জাক বলেন, আগে সরকারি চাল সংগ্রহের জন্য সমিতির মাধ্যমে প্রত্যেক চালকলের মালিককে বিভাজন করে বরাদ্দ দেওয়া হতো। এবার সরকারি সংগ্রহে ধানের দর কেজিপ্রতি ২৪ টাকা করা হয়েছে। ধানের দরের সঙ্গে চালের দর নির্ধারণ করা লাগত ৪০ টাকা। কিন্তু সরকারি সংগ্রহে চালের দর নির্ধারণ করা হয়েছে কেজিপ্রতি ৩৪ টাকা। এতে ধানের বাজারদরের সঙ্গে চালের বাজারদর সাংঘর্ষিক। তাই সমিতির মাধ্যমে সরকারি বরাদ্দের চাল বিভাজন না করে প্রত্যেক চালকলের মালিক তাঁদের ইচ্ছামাফিক খাদ্য কর্মকর্তার সঙ্গে বরাদ্দের জন্য চুক্তি করবেন—এমন নির্দেশনা দেওয়া হয়েছে সমিতির পক্ষ থেকে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার কুণ্ডু বলেন, গতকাল চুক্তির শেষ দিন ছিল। কয়েকজন চালকলের মালিক বৃহস্পতিবার ব্যাংকে পে-অর্ডার করেছিলেন। গতকাল পর্যন্ত মাত্র ৫২ জন চালকলের মালিক চুক্তিবদ্ধ হয়েছেন। এতে ১ হাজার ৩৫০ মেট্রিক টন চাল সরবরাহের জন্য চুক্তি করেছেন। সিংহভাগ সংগ্রহ অনিশ্চিত হয়ে পড়েছে। কোনো চালকলের মালিক সরকারি বরাদ্দে চুক্তিবদ্ধ না করলে কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।