দুবইল গ্রামে নবান্ন উৎসব অনুষ্ঠিত
রাজশাহীর তানোর উপজেলার বরেন্দ্র অঞ্চলের দুবইল গ্রামে গতকাল বুধবার নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। লুপ্ত ধানের রক্ষক ‘দুবইল ইউসুফ মোল্লা কৃষক স্কুল’-এর উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।
এতে বরেন্দ্র অঞ্চলের লুপ্ত ধান ও বৈচিত্র্যময় খাদ্যের প্রদর্শনী, আলোচনা সভা, বিভিন্ন প্রকার পিঠাপুলি, খেজুর গুড়ের পায়েস, লুপ্তপ্রায় মুগি ধানের চালের ভাত ও মাছের ঘণ্ট দিয়ে উপস্থিত কৃষক ও অতিথিদের আপ্যায়ন করা হয়। এখন থেকে প্রতিবছর দুবইল গ্রামে এ উৎসবের আয়োজন করা হবে বলে জানানো হয়।
ইউসুফ মোল্লা বলেন, বরেন্দ্র অঞ্চলের লুপ্ত ধানের জাতগুলো ও জৈব কৃষি প্রযুক্তির সঙ্গে কৃষকদের পরিচয় করিয়ে দিতেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।
ইউসুফ মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, কম সেচ ও রাসায়নিক সার, কীটনাশক ছাড়া চাষাবাদ করা যায় এমন উপযোগী লুপ্তপ্রায় ধানের জাতগুলো ফিরিয়ে আনতে হবে।
অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষক নাসির আহমেদ, আবদুস সালাম, নরেন্দ্র কর্মকার প্রমুখ। উৎসব উপলক্ষে ইউসুফ মোল্লা কৃষক স্কুল প্রাঙ্গণে ৩৬ ধরনের ধান প্রদর্শন করেন।