দুবাই ফেরত যাত্রীর ব্যাগে আমদানি নিষিদ্ধ স্প্রে

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর ব্যাগে আমদানি নিষিদ্ধ যৌন উত্তেজক স্প্রে পাওয়া গেছে। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে এগুলো জব্দ করা হয়।
কাস্টমস কর্মকর্তারা বলেন, বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে রবিউল আলম নামের এক যাত্রীর তিনটি লাগেজ স্ক্যান করে ৫০টি যৌন উত্তেজক স্প্রের বোতল পাওয়া যায়। এগুলো জার্মানির তৈরি। প্রতি বোতলে রয়েছে ৪৫ মিলিলিটার স্প্রে। স্প্রে ছাড়াও ২২০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। এতে ৪৪ হাজার শলাকা সিগারেট আছে।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওষুধ প্রশাসন অধিদপ্তরের আমদানির অনুমতি ছাড়া এ ধরনের যৌন উত্তেজক স্প্রে আমদানি নিষিদ্ধ। একজন যাত্রী সর্বোচ্চ এক কার্টন সিগারেট আনতে পারেন। এর বেশি হলে শর্তসাপেক্ষে শুল্ককর পরিশোধ করতে হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, ওই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা হবে। তাঁর বাড়ি চট্টগ্রামে।