দুবাই যাওয়ার পথে চট্টগ্রাম বিমানবন্দর থেকে বিএনপি নেতার ভাই গ্রেপ্তার
দুবাই যাওয়ার পথে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ছোট ভাই আমজাদ হোসেন চৌধুরীকে (৪৮) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে সীতাকুণ্ড থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি মামলায় তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
ওসি আবুল কালাম আজাদ আরও বলেন, আমজাদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে ১৫টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গতকাল রাতে তিনি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে থেকে দুবাই যাওয়ার চেষ্টা করছিলেন। সেখানে ইমিগ্রেশন পুলিশ আমজাদ হোসেন চৌধুরীকে শনাক্ত করার পর সীতাকুণ্ড থানা–পুলিশকে খবর দেয়। রাতেই ইমিগ্রেশন পুলিশ আমজাদকে তাদের কাছে হস্তান্তর করে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক প্রথম আলোকে বলেন, আমজাদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে বেশির ভাগ মামলায় অর্থ আত্মসাৎ, ঋণ জালিয়াতি কিংবা ঋণখেলাপির অভিযোগ রয়েছে। এসব মামলায় তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে নাশকতার কোনো মামলা আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
আমজাদ হোসেন চৌধুরী তাঁর পারিবারিক প্রতিষ্ঠান রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। ওই গ্রুপের অধীন সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। দুদক সূত্রে জানা হেছে, আমজাদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে ২০১৬ সালের ১৬ জুলাইয়ে এবি ব্যাংক আগ্রাবাদ শাখার ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। ওই মামলায় আমজাদ ছাড়াও তাঁর ভাই আসলাম চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী ও গ্রুপের চেয়ারম্যান জামিলা নাজনিল মাওলাকেও আসামি করা হয়। এ ছাড়া একই ব্যক্তিদের নামে হালি শহরের সাউথইস্ট ব্যাংকের ১৪৮ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ২০১৬ সালের ২৬ ডিসেম্বর হালিশহর থানায় আরেকটি মামলা করে দুদক।
সর্বশেষ ২০২১ সালের ২৬ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ের মানি লন্ডারিং শাখা থেকে মো. আমজাদ হোসেন চৌধুরীর ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে চিঠি দেওয়া হয়।