দুমকিতে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেলের ৩ যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

পটুয়াখালীর দুমকিতে গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ ভ্যানের চাপায় দুই মোটরসাইকেলের তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে দুমকি-বাউফল সড়কের বোর্ড অফিস বাজারসংলগ্ন বশিরিয়া বালিকা বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন পটুয়াখালী সদর উপজেলার শিয়ালী গ্রামের বায়েজিদ (১৪), ছোটবিঘাই গ্রামের ইউসুফ মাস্টার (৪০) ও খলিশাখালী গ্রামের হীরা (১৮)। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন হাবিবুর রহমান (৪১) ও মানিক (২২)। আহত ব্যক্তিদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর পিকআপচালক জহিরুল ইসলাম (৩৫) ও তাঁর সহকারী জাকারিয়াকে (২২) আটক করেছে পুলিশ। দুর্ঘটনাকবলিত পিকআপটিও পুলিশ জব্দ করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে বশিরিয়া বালিকা বিদ্যালয়ের সামনে দুটি মোটরসাইকেলের মধ্যে মৃদু সংঘর্ষ হয়। এ নিয়ে দুই মোটরসাইকেলের চালকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা চলতে থাকে। এ সময় সেখানে জটলার সৃষ্টি হয়। এ সময় হঠাৎ করে বাউফলগামী এলপি গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ ওই জটলার ওপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই বায়েজিদ নিহত হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে নেওয়া হয়। তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পথে ইউসুফ ও হীরার মৃত্যু হয়।

জানতে চাইলে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম বলেন, নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আটক পিকআপের চালক ও সহকারীকে আদালতে নেওয়ার প্রক্রিয়া চলছে।