দুমকিতে শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগে জামাতা আটক
শ্বশুরবাড়িতে বেড়াতে এসে পারিবারিক বিরোধে এক ব্যক্তি তাঁর শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামে গতকাল শনিবার রাতে ওই ব্যক্তি শাশুড়ির ওপর হামলা চালান। আজ রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে।
নিহত শাশুড়ির নাম মোমেলা বেগম (৫৫)। তিনি দুমকি উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের কাঞ্চন গাজীর স্ত্রী। মোমেলাকে কুপিয়ে হত্যার অভিযোগে তাঁর মেয়ের জামাই জামাল হোসেনকে (৩৮) আটক করা হয়েছে। জামাল হোসেনের বাড়ি চাঁদপুরের কচুয়া গ্রামে।
মোমেলার স্বজন ও পুলিশ সূত্র জানায়, প্রায় ১০ বছর আগে উত্তর মুরাদিয়া গ্রামের কাঞ্চন গাজী ও মোমেলা বেগম দম্পতির মেয়ে শিল্পী আক্তারের সঙ্গে জামাল হোসেনের বিয়ে হয়। জামাল হোসেন ঢাকাতে হোটেলে কর্মচারী হিসেবে কাজ করেন। বিয়ের পর থেকে শিল্পী তাঁর বাবার বাড়িতেই থাকছেন। তাঁদের তিনটি মেয়ে আছে। গত শুক্রবার সকালে জামাল তাঁর শ্বশুরবাড়ি আসেন।
পুলিশ সূত্র জানায়, গতকাল রাত আনুমানিক সাড়ে ১২টায় বাড়িতেই জামাল হোসেন ও তাঁর শ্বশুর কাঞ্চন গাজী পারিবারিক কলহের জড়িয়ে পড়েন। এ সময় শাশুড়ি মোমেলা বেগম বাধা দিলে জামাতা জামাল হোসেন একটি ধারালো দা দিয়ে তাঁকে উপর্যুপরি কোপ দেন। পরে পরিবারের সদস্যরা মোমেলা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দিলে তাঁকে সেখানে নিয়ে যান। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে মোমেলা মারা যান।
দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সাকুরুজ্জামান জানান, মোমেলা বেগমকে মুমূর্ষু অবস্থায় দিবাগত রাত তিনটায় দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাঁর ঘাড়, হাত ও বাঁ পায়ের রগে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। হামলার পরে ঘরেই রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে ছিলেন মোমেলা। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর অবস্থা খারাপ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে বরিশাল পাঠানোর পরামর্শ দেওয়া হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ঘটনার পর পরই জামাতা জামাল হোসেন পালিয়ে যান। পুলিশ দুমকি উপজেলার একটি গ্রাম থেকে জামালকে আটক করে এবং তাঁর স্বীকারোক্তি অনুযায়ী হত্যার কাজে ব্যবহার করা রক্তমাখা ধারালো দা উদ্ধার করে। যেহেতু মোমেলা বরিশাল মারা গেছেন, তাই সেখানে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ গ্রামের বাড়িতে আনা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।