দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে নালায় মিলল নারীর গলিত লাশ
পচা-দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে নালায় পাওয়া গেছে অজ্ঞাতনামা এক নারীর গলিত লাশ। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের জেনারেল হাসপাতালের আবাসিক এলাকার পেছনের একটি নালা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধার হওয়া অজ্ঞাতনামা নারীর বয়স ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালটির মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা কালন মিয়া বলেন, সকালের নামাজ পড়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে কাছে গিয়ে নালার পাশে একটি লাশ দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানান।
আরেক বাসিন্দা রাহিম মিয়া বলেন, ‘সকালে আমরা ঘুমিয়ে ছিলাম। প্রতিবেশী কালন মিয়া আমাদের ডাক দেয়। আমরা উঠে গিয়ে দেখি, রাস্তার পাশে ড্রেনের মধ্যে একটি বস্তাবন্দী লাশ পড়ে আছে। সেখান থেকে পচা গন্ধ বের হচ্ছিল। পরে আমরা থানা-পুলিশকে খবর দিই।’
ব্রাহ্মণবাড়িয়া ১ নম্বর শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক রুহুল আমিন বলেন, খবর পেয়ে নালা থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি অন্তত এক সপ্তাহ আগের। তাই পচেগলে গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।