
কলাবাগানের মিরপুর রোডের ওপর রাখা হয়েছে আবর্জনা ফেলার একাধিক কনটেইনার। সেখান থেকে সৃষ্ট দুর্গন্ধে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের।
স্থানীয় লোকজন বলেন, কনটেইনারগুলো আগে কলাবাগান শিশুপার্ক পানির পাম্পের পাশের খালি জায়গায় রাখা হতো। ওই জায়গায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ করা হচ্ছে। সে জন্য পাঁচ-ছয় মাস আগে কনটেইনারগুলো সেখান থেকে এনে রাস্তায় রাখা হয়েছে।
এ ব্যাপারে জানতে মুঠোফোনে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসটিএস নির্মাণের কাজ শেষ হলে সব কনটেইনার সেখানে ভেতর রাখা হবে। তখন আর কোনো সমস্যা থাকবে না।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো. নাঈম বলেন, গত ঈদের পর নির্মাণকাজ শুরু হয়েছে। বৃষ্টির কারণে কাজ করতে সমস্যা হচ্ছে। আগামী ছয় মাসের মধ্যেই নির্মাণকাজ শেষ করে এসটিএস হস্তান্তর করা হবে।
এদিকে গ্রিন রোডে সরকারি স্টাফ কোয়ার্টারের ২ নম্বর ফটকের পাশে মূল সড়কে রাখা হয়েছে আবর্জনা ফেলার কনটেইনার।
সরেজমিনে দেখা যায়, রাসেল স্কয়ারের পাশে কলাবাগান শিশুপার্ক পানির পাম্পের সামনে চারটি ময়লার কনটেইনার রাখা। গ্রিন রোড স্টাফ কোয়ার্টারের ২ নম্বর ফটকের পাশেও রাখা হয়েছে চারটি কনটেইনার। এতে প্রায় অর্ধেক সড়ক বন্ধ হয়ে গেছে।
গত শুক্রবার দুপুরে ভ্যানে করে আশপাশের এলাকা থেকে ময়লা এনে পরিচ্ছন্নতাকর্মীদের কনটেইনারে ময়লা রাখতে দেখা গেছে। পরিচ্ছন্নতাকর্মীরা বলেন, প্রতিদিন রাত ১২টার দিকে সিটি করপোরেশনের গাড়ি এসে ময়লা নিয়ে যায়।
ঘোষণা: আপনার এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা কিংবা পানিসংকটের মতো নাগরিক দুর্ভোগের বিষয়গুলো সরাসরি জানাতে পারেন প্রথম আলোকে এই নম্বরে: ৯১২১২২৩।