দুর্গম চরে কম্পিউটার

২৯ অক্টোবর, বুধবার। সকাল সাড়ে ১১টা।
একটি চায়ের দোকানকে ঘিরে মানুষের জটলা। ভিড় ঠেলে দোকানের ভেতরে উঁকি দিয়ে দেখা গেল, ছোট একটি রঙ্গিন টেলিভিশনে সবার চোখ আটকে আছে। টেলিভিশনে তখন ‘ব্রেকিং নিউজ’ দেখাচ্ছিল। মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় হয়েছে।
‘বিদ্যুৎবঞ্চিত’ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রত্যন্ত চর চিলমারী এলাকার মানুষও আগ্রহ নিয়ে টেলিভিশনে খবরটি শুনছে ও ছবি দেখছে। কয়েক বছর আগেও সেখানে বিদ্যুৎ সুবিধা পৌঁছানোর ‘অবাস্তব স্বপ্ন’ কেউ দেখেনি। এর কারণ কুষ্টিয়া থেকে চিলমারী যাত্রা যেন ‘এভারেস্ট’ পাড়ি দেওয়ার মতোই দ্বিগ্বিজয়ের এক কাহিনি।
চিলমারী ‘অভিযানে’ যেতে চাইলে কুষ্টিয়া শহর থেকে প্রথমে বাসে করে ৪০ কিলোমিটার দূরে হোসেনাবাদ বাজারে পৌঁছাতে হবে। বাসযাত্রা শেষে নছিমন বা করিমনে করে আরও ১০ কিলোমিটার যাওয়ার পর পড়বে আবেদের ঘাট। এরপর ইঞ্চিনচালিত নৌকায় ১ ঘণ্টা পাড়ি দিলে ক্লিকের চর। সেখান থেকে ভাড়ায়চালিত মোটর–সাইকেলে করে আরও ১৫ কিলোমিটার। অবশেষে চিলমারী।
চিলমারী এখন সৌরবিদ্যুতের আলোয় আলোকিত। টিভি দেখা, মুঠোফোনে চার্জসহ রাতের বেলায় দোকানে বেচাকেনা চলে। শিক্ষার্থীদের পড়াশোনায় সুবিধা হয়েছে।
ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্র জানায়, ব্যক্তিগত উদ্যোগ ও বেসরকারি সংস্থার সহায়তায় ২০০৪ সালে চিলমারী ইউনিয়নের একটি বাড়িতে প্রথম সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের কাজ শুরু হয়। এই ইউনিয়নের ১৭টি গ্রামে প্রায় ২২ হাজার মানুষের বাস। সব মিলিয়ে ছয় হাজার পরিবারের বসতি এখানে।
চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানালেন, এলাকার প্রায় ৯০ ভাগ পরিবারই নিজেদের ঘরে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করেছে।
একজন চা-দোকানি বললেন, কয়েক বছর আগেও ‘খবর’ জানার তেমন কোনো সুযোগ ছিল না। সৌরবিদ্যুৎ সেই অসম্ভবকে সম্ভব করেছে। তিনি বলেন, চিলমারী চরের চারটি বাজারের প্রায় ১৫টি দোকানে ব্যক্তিগত ডিস-সংযোগও রয়েছে।
সরেজমিনে চিলমারী গিয়ে কথা হয় বাজুমারা দাখিল মাদ্রাসার শিক্ষক জিল্লুর রহমানের সঙ্গে। তিনি বলেন, সৌরবিদ্যুৎ শিক্ষায় ব্যাপক উপকারে আসছে। এলাকার যুবক সাইফুল ইসলাম তিন মাস হলো পোলট্রি খামার গড়েছেন। সেই খামারে সৌরবিদ্যুতের আলো দেওয়া হয়েছে। এ রকম আরও চারটি খামার গড়ে উঠেছে। এমনকি রাতের বেলায় ফসল মাড়াইয়ের কাজও করা যাচ্ছে এখন।
চিলমারী বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, বিকেল হলেই দোকান বন্ধ করে বাড়ি যেতে হতো। এখন বিদ্যুৎ থাকায় গভীর রাত পর্যন্ত দরজির কাজ করা যাচ্ছে। ব্যবসায় উন্নতি হয়েছে।
চিলমারী বাজারে দেখা গেল, সাইফুল ইসলাম নামের এক যুবক তাঁর দোকানে বসে কম্পিউটারে কাজ করছেন। কম্পিউটারের পাশে প্রিন্টারও রয়েছে। ক্রেতাদের কেউ এসেছেন ছবি প্রিন্ট করতে, আবার কেউ মুঠোফোন মেরামত করতে। সাইফুল জানালেন, সৌরবিদ্যুতের সাহায্যে তিনি কম্পিউটারে কাজ করেন। মডেম দিয়ে ইন্টারনেটে কাজ করার ইচ্ছার কথাও জানালেন তিনি।