‘দুর্গম হাওরে বঙ্গবন্ধু’, স্মৃতিচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান অতিথির বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। বৃহস্পতিবার বিকেলে ধরমপাশা উপজেলার রাজাপুর বড়হাটি গ্রামে
ছবি: সংগৃহীত

১৯৭০ সালের নির্বাচনকে সামনে রেখে সারা দেশ ঘুরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গিয়েছিলেন সুনামগঞ্জের ধরমপাশার হাওরবেষ্টিত দুর্গম এক গ্রামেও। উঠেছিলেন একজন একনিষ্ঠ কর্মীর বাড়িতে। সেসব ঘটনার স্মৃতিচারণা করতে বৃহস্পতিবার হয়ে গেল ‘দুর্গম হাওরে বঙ্গবন্ধু’ শীর্ষক অনুষ্ঠান। পরে সেখানে উদ্বোধন করা হয় স্মৃতি জাদুঘর।

বৃহস্পতিবার বিকেলে ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর বড়হাটি গ্রামে এ অনুষ্ঠান হয়। সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি আহ্বায়ক শাহ আবদুল বারেক। সংগঠনের উপজেলা শাখার ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বেচ্ছাসেবক লীগের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রধান অতিথির বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হাসান, ধরমপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ বিলকিস প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী। তাঁর পৈতৃক বাড়িতেই ১৯৭০ সালের ৯ অক্টোবর নির্বাচনী সফরে এসেছিলেন বঙ্গবন্ধু। আমানুরের বাবা প্রয়াত মনছফ রাজা চৌধুরী ওরফে মহারাজ মিয়া ছিলেন বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।

স্বাগত বক্তব্যে আমানুর রাজা বলেন, তিনি তখন বয়সে খুব ছোট ছিলেন। বঙ্গবন্ধু বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে লঞ্চযোগে সুনামগঞ্জ থেকে রাজাপুর বড়হাটি গ্রামে এসেছিলেন। অন্যতম সফরসঙ্গী ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আবদুস সামাদ আজাদ। সেদিন শুক্রবার ছিল। বঙ্গবন্ধু তাঁদের বাড়ির মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে দুপুরের খাওয়াদাওয়া শেষে তিনি বাড়ির বৈঠকঘরে কিছুক্ষণ বিশ্রাম নেন। এরপর বৈঠকঘর প্রাঙ্গণে জড়ো হওয়া জনসাধারণের উদ্দেশে তিনি নির্বাচনী বক্তব্য দেন।

যে বৈঠকঘরে বঙ্গবন্ধু বিশ্রাম নিয়েছিলেন, সেখানেই নিজস্ব অর্থায়নে ‘মহারাজ মিয়া-বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠা করেছেন আমানুর রাজা। বৃহস্পতিবার বিকেলের অনুষ্ঠানে জাদুঘরটি উদ্বোধন করা হয়। পরে ওই বাড়িতে ফলদ ও বনজ ২১টি চারা রোপণ করেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি নির্মল রঞ্জন গুহ বলেন, বঙ্গবন্ধু সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করতেন। বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই, যেখানে তিনি বিচরণ করেননি। তারই একটি প্রমাণ এই দুর্গম হাওরাঞ্চলে বঙ্গবন্ধুর উপস্থিতি।