দুর্গা–দর্শনে বেরিয়ে মাকে আজীবনের জন্য হারাল সুজন
চলছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা। গত সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এ উৎসবের শুরু হয়েছে। উৎসবে মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এক মন্দির থেকে অন্য মন্দির ঘুরে দুর্গাকে দর্শন করছেন তাঁরা।
অন্যদের মতো মোটরসাইকেলে মা মালা রানী (৪০) ও নানি সুধা রানীকে (৬০) নিয়ে দুর্গা দর্শনে বেরিয়েছিল নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের ১৬ বছরের কিশোর সুজন রায়। এটাই যেন কাল হলো তার। সড়কের গতিরোধকে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তার মা নিহত হয়েছেন। আহত হয়েছে সুজন ও তার নানি।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বলাকা সিনেমা হলের সামনে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং ওই কিশোর জানায়, বৃহস্পতিবার বেলা একটার দিকে কিশোর সুজন তার মা মালাকে মোটরসাইকেলে নিয়ে নিজ বাড়ি থেকে তারাগঞ্জ উপজেলার কেল্লাবাড়ি গ্রামে নানি সুধা রানীর বাড়িতে যায়। সেখানে খাওয়া শেষে ওই মোটরসাইকেলে নানি ও মাকে নিয়ে দুর্গা–দর্শনের উদ্দেশে বেলা আড়াইটার দিকে বের হয়।
কেল্লাবাড়ি এলাকার কয়েকটি পূজামণ্ডপ দর্শন করে তারা কিশোরগঞ্জের পারঘাট এলাকার বড় দুর্গামন্দির দেখার জন্য তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়ক দিয়ে রওনা হয়। বিকেল চারটার দিকে সড়কের বলাকা সিনেমা হলের সামনে পৌঁছালে সড়কে থাকা গতিরোধে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে তারা। এতে মালা রানীর মাথা ফেটে যায়। তাঁকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তারাগঞ্জ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মাহমুদুর রহমান বলেন, হাসপাতালে আসার আগেই সড়ক দুর্ঘটনায় আহত মালা রানী মারা যান। বাকিদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।