দুর্গাপুরে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শহরের প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়
ছবি: প্রথম আলো

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেনকী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বুধবার পৌর শহরের নাজিরপুর মোড়সংলগ্ন প্রেসক্লাবের সামনের সড়কে দুর্গাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়।

এর আগে গত মঙ্গলবার নির্বাচন কমিশনের নির্দেশে দুর্গাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ফারহানা শিরীন ওই কেন্দ্রের ফলাফল বাতিল ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন, যুবলীগ নেতা আহম্মদ মড়ল, রফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মাহাবুব আলম, যুগ্ম আহ্বায়ক পলাশ রাংসা, রাকিব রনি, আওয়ামী মহিলা যুবলীগের সভাপতি শাহিনা আক্তার, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বাবুল মিয়া প্রমুখ।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে গত ২৮ নভেম্বর দুর্গাপুর সদর ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান শাহিনুর আলম অংশ নেন। বিদোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম। নির্বাচন শেষে সব কেন্দ্রে ভোট গণনার পর সাদেকুল ইসলাম ৩২১ ভোট বেশি পাওয়ায় তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে সাদেকুল পেয়েছেন ৬ হাজার ৮৪৭ ভোট। অন্যদিকে শাহিনুর পেয়েছন ৬ হাজার ৫২৬ ভোট।

তবে ভোট গ্রহণের পরদিন মেনকী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা মো. আসাদুজ্জামান বাদী হয়ে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম ছিনতাইয়ের অভিযোগে এনে থানায় একটি মামলা করেন। মামলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহিনুর আলম, তাঁর ছেলেসহ তাঁর ২০ জন সমর্থককে আসামি করা হয়।

জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারহানা শিরীন বলেন, ১৩ ডিসেম্বর নির্বাচন কমিশন মেনকী সরকাররি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল বাতিলসহ পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ হয়নি। পুনর্নির্বাচন হতে যাওয়া ওই কেন্দ্রে মোট ২ হাজার ৯৩৫ জন ভোটার রয়েছেন বলে জানান তিনি।