দুর্গাপুরে বিদ্রোহী প্রার্থীর কর্মী–সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলার ঘটনায় এমদাদুল হকের ছয়জন কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে
ছবি: প্রথম আলো

নেত্রকোনার দুর্গাপুরের চণ্ডীগড় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এমদাদুল হক আলম সরকারের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এমদাদুল হকের অভিযোগ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলতাবুর রহমানের সমর্থকেরা তাঁদের ওপর হামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চণ্ডীগড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এমদাদুল হকের ছয়জন কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে। আহত ব্যক্তিরা হলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খোকন সরকার, চণ্ডীগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম, এসানুল হক, আনোয়ার হোসেন, জজ মিয়া ও রইস মিয়া। আহত ব্যক্তিরা বর্তমানে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

এমদাদুল হক ও তাঁর সমর্থকদের ভাষ্য, গতকাল সন্ধ্যায় চণ্ডীগড় বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকেরা প্রচারণা শেষে কেরনখলা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় নৌকার প্রার্থীর লোকজন তাঁদের গতি রোধ করে নির্বাচনী প্রচারণার মাইক ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। প্রতিবাদ করতে গেলে নৌকার প্রার্থীর লোকজন তাঁদের মারধর করে জখম করেন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এমদাদুল হক অভিযোগ করে বলেন, ‘প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর লোকজন আমার নির্বাচনী প্রচারে বাধা, পোস্টার ছিঁড়ে ফেলা, নির্বাচনী কার্যালয়ে হামলাসহ নানাভাবে হেনস্তা করছেন। গতকাল তাঁরা আমার কর্মীদের ওপর হামলা চালিয়ে আহত করেছেন। আহত ব্যক্তিরা এখন হাসপাতালে ভর্তি।’

বিদ্রোহী প্রার্থী এমদাদুল হকের অভিযোগ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকেরা তাঁদের ওপর হামলা করেছেন
ছবি: প্রথম আলো

তবে এ অভিযোগ অস্বীকার করে আলতাবুর রহমান বলেন, তাঁর কোনো কর্মী-সমর্থকেরা কারও ওপর হামলা করেননি। গতকালের হামলার বিষয়ে তিনি কিছু জানেন না।

এদিকে ঘটনার পর ওই দিন রাতেই এমদাদুল হকের কর্মী ফরিদ উদ্দিন ১৪ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম বলেন, গতকাল রাতে ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীর কর্মী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আইন আনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গতকাল ওই ঘটনার খবর পেয়েই পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করেছে।