দুর্ঘটনা কমাতে দরকার সচেতনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে গতকাল শনিবার উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ এসব কর্মসূচির আয়োজন করে। বগুড়ার সমাবেশে বক্তারা বলেন, দুর্ঘটনার জন্য শুধু চালকদের দোষারোপ করে মহাসড়কে মৃত্যুর মিছিল থামানো যাবে না। প্রাণ ঝরার মিছিল থামাতে আগে নিজেদের সচেতন হতে হবে। দিবসটির এবারের স্লোগান ‘দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে আইন মানতে হবে’। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

নওগাঁ: দিবসটি উপলক্ষে সকাল ১০টায় শহরের পুরোনো কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে জিলা স্কুলে গিয়ে শেষ হয়। স্কুল মিলনায়তনে আলোচনা সভা হয়। নিরাপদ সড়ক চাইর নওগাঁ জেলা শাখার সভাপতি এ এস এম রায়হান আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আমিনুর রহমান। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক প্রমুখ।

এদিকে দিবসটি উপলক্ষে নিরাপদ সড়ক চাই ধামইরহাট উপজেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে সেখানে সমাবেশ হয়। সংগঠনটির উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ হানজালার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউজ্জামান ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) মাগফুরুল হাসান আব্বাসী প্রমুখ।

বগুড়া: নিরাপদ সড়ক চাইর জেলা কমিটির আয়োজনে বেলা ১১টায় শহরের সাতমাথায় সমাবেশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। সমাবেশের আগে শহরের শহীদ খোকন পার্ক থেকে শোভাযাত্রা বের হয়। সংগঠনটির জেলা কমিটির সভাপতি মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আনওয়ার হোসেন, বিআরটিএ বগুড়ার সহকারী পরিচালক কাজী মোরসালিন, মোটর শ্রমিক ইউনিয়নের অভ্যন্তরীণ সড়ক সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।

দুপচাঁচিয়া (বগুড়া): নিরাপদ সড়ক চাইর উপজেলা কমিটির আয়োজনে গতকাল সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে সংগঠনটির উপজেলা কমিটির আহ্বায়ক শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুল গনি মণ্ডল, ইউএনও শাহেদ পারভেজ, থানার ওসি নজরুল ইসলাম প্রমুখ।

আদমদীঘি (বগুড়া): নিরাপদ সড়ক চাই নওগাঁর রানীনগর উপজেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রানীনগর প্রেসক্লাব ভবনে নিসচার রানীনগর শাখার সভাপতি মো. বখতিয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা-বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, সংগঠনটির উপজেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি আবুল বাশার প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ: নিরাপদ সড়ক চাইর জেলা শাখা বেলা ১১টায় শহরের শহীদ সাটু হলের সামনে থেকে শোভাযাত্রা বের করে। নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা হয়। সংগঠনটির জেলা সভাপতি শফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মনজুর রেজা, বিআরটিএ প্রতিনিধি আশরাফুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি আলী উজ্জামান নূর প্রমুখ।

ঈশ্বরদী (পাবনা): নিরাপদ সড়ক চাই ঈশ্বরদীর আয়োজনে গতকাল দুপুরে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা জসিম উদ্দিন মণ্ডল। প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমজান আলী। এর আগে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বাজারে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়।