দুর্ঘটনা কমানোর বিভাজকেই দুর্ঘটনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়-ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ কয়েকটি এলাকায় দুর্ঘটনা কমিয়ে আনতে উঁচু সড়ক বিভাজক (নিউ জার্সি ব্যারিয়ার) বসানো হচ্ছে। কিন্তু দ্রুত কাজ শেষ না হওয়ায় এবং যেসব স্থানে কাজ করা হচ্ছে, সেখানে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়ায় একের পর এক ঘটছে দুর্ঘটনা। গত দুই-তিন মাসে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার উনত্রিশ মাইল ও সালন্দর চৌধুরীহাটে এ রকম দুটি জায়গায় প্রায় ৫০টি দুর্ঘটনা ঘটেছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলায় পাঁচটি, নীলফামারীতে দুটি ও পঞ্চগড়ে একটি দুর্ঘটনাপ্রবণ এলাকায় সড়ক বিভাজক তৈরি করা হচ্ছে। এ জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তাজ মঞ্জিলের সঙ্গে সড়ক বিভাগের চুক্তি হয়। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৮ কোটি ৪৯ লাখ টাকা। গত বছরের মে মাসে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। এরপর গত বছরের আগস্ট মাসে কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। কাজ শেষ করার জন্য আরও দুই মাস সময় আছে। কিন্তু ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার উনত্রিশ মাইল, খোঁচাবাড়ি ও সালন্দর চৌধুরীহাট এলাকায় সড়ক বিভাজক বসিয়ে কাজ বন্ধ করে রেখেছেন ঠিকাদার। ওই সব এলাকায় সড়ক বিভাজকের আগে গতিরোধক বা রাস্তার পাশে প্রয়োজনীয় সতর্কতামূলক কোনো নির্দেশনারও ব্যবস্থা করা হয়নি। ফলে প্রায়ই বিশেষ করে রাতের বেলায় দেখতে না পেয়ে গাড়িচালকেরা দুর্ঘটনার মধ্যে পড়েছেন। গাড়ি তুলে দিচ্ছেন সড়ক বিভাজকের ওপর।
দ্রুত কাজ শেষ করতে সড়ক বিভাগ থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে গত বছরের ১০ ডিসেম্বর এবং এ বছরের ১০ ফেব্রুয়ারি দুই দফা চিঠি দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার মো. আলমগীর বাঘাবাড়ি থেকে মালভর্তি ট্রাক নিয়ে ঠাকুরগাঁও আসছিলেন। পথে ভোর সাড়ে পাঁচটার দিকে উনত্রিশ মাইল এলাকায় সড়ক বিভাজকের ওপর তুলে দেন ট্রাক। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
ট্রাকচালক আলমগীর বলেন, ‘ঘন কুয়াশার কারণে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ চলন্ত ট্রাকের সামনে ডিভাইডারটি এসে পড়ে। নিয়ন্ত্রণ করতে না পারার কারণে ট্রাকটি সেই ডিভাইডারকে ধাক্কা মারে। আমি ও আমার সহকারী অল্পের জন্য রক্ষা পাই।’
ওই দিন সকালে বগুড়া থেকে মাল নিয়ে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল একটি ট্রাক। পথে সালন্দরের চৌধুরীহাট এলাকার সড়ক বিভাজকের সঙ্গে ট্রাকটির ধাক্কা লাগে। এতে সোলায়মান আলী (৫০) নামে চালকের সহকারী আহত হন। পরে তিনি মারা যান।
বাসচালক আবদুল বারেক বলেন, একটু দূর থেকে কোনোভাবে বোঝার উপায় নেই যে সামনে সড়ক বিভাজক রয়েছে। চালক একটু অমনোযোগী হলেই আর রক্ষা নেই।
সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলে এলাহী চৌধুরী বলেন, দুর্ঘটনা কমিয়ে আনতে মহাসড়কে বিভাজক করার কথা। কিন্তু ঠিকাদার কাজ ফেলে রাখার কারণে তা অরক্ষিত হয়ে পড়ে আছে। এ ধরনের কাজে সতর্কতা সাইনবোর্ড ও সংকেত থাকার কথা। কিন্তু এখানে কিছুই নেই। ফলে যানবাহনের চালকেরা সামনের অবস্থা বুঝতে না পেরে দুর্ঘটনার শিকার হচ্ছেন। গত দুই-তিন মাসে এখানে প্রায় ৩০টি ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। সেসব দুর্ঘটনায় একজন নিহত ও কমপক্ষে ৫০ ব্যক্তি আহত হয়েছেন।
সড়ক ও জনপথ বিভাগ ঠাকুরগাঁও কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শেখ সোহেল আহমেদ বলেন, ব্যস্ত সড়কে যেকোনো কাজ বাস্তবায়ন করতে গেলে দ্রুত করতে হয়। কিন্তু ঠিকাদার কাজ শুরু করে এখন তা ফেলে রেখেছেন। আর সড়ক প্রশস্ত করার পর বিভাজক নির্মাণ করার নিয়ম। কিন্তু ঠিকাদার এর উল্টো কাজ করেছেন। এতেও মহাসড়কে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। কাজটি দ্রুত শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কয়েক দফা তাগাদা দেওয়া হয়েছে। তবে তারা এর কোনো জবাব দেয়নি।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তাজ মঞ্জিলের অংশীদার বেনজু চৌধুরী গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সড়ক বিভাগের সঙ্গে আমাদের একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল। তাই কাজ বন্ধ রেখেছিলাম। এখনো সময় আছে, দ্রুত কাজ শেষ করে ফেলব।’