দুর্ঘটনার আলামত সাজিয়ে যানবাহনে ডাকাতি, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাকাতদের হামলায় আহত তাউস মিয়া ও নানু মিয়া
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বানিয়াচং-নবীগঞ্জ সড়কে দুর্ঘটনার আলামত সাজিয়ে যানবাহনের গতি রোধ করে ১০-১২টি পরিবহনে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে বানিয়াচং উপজেলার কাগাপাশার সুটকি সেতুর কাছে এ ঘটনা ঘটে।

এ সময় যাত্রীদের মারধর করে নগদ টাকা, মুঠোফোন ও জিনিসপত্র ছিনিয়ে নিয়ে গেছে ডাকাতেরা। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

আহত দুজন হলেন আজমিরীগঞ্জের শিবপাশা গ্রামের তাউস মিয়া (৩৬) ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর দক্ষিণবাগ গ্রামের নানু মিয়া (৫৫)। তাঁরা মিনিবাসের যাত্রী ছিলেন। তাঁদের বানিয়াচং হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

কয়েকজন প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সিলেট থেকে মিনিবাসে করে কিছু লোক হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার উদ্দেশে যাচ্ছিলেন। বুধবার রাত ১০টার দিকে মিনিবাসটি কাগাপাশার সুটকি সেতুর কাছে পৌঁছালে চালক দেখতে পান সড়কের মাঝখানে একটি মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) উল্টে পড়ে আছে। মোটরসাইকেলের সংকেত বাতি তখন জ্বলছিল। দুর্ঘটনা মনে করে চালক গাড়ির গতি রোধ করে দাঁড়ান। এ সময় পেছন দিক থেকে ১০-১৫ জন মুখোশধারী ডাকাত রামদা, লোহার পাইপ, লাঠি নিয়ে মিনিবাসে হামলা চালায়। মিনিবাসের যাত্রীদের মারধর করে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে ডাকাতেরা গাড়ির লোকজনের হাত-পা বেঁধে ও মুখে স্কচটেপ পেঁচিয়ে পাশে ধানখেতে ফেলে রেখে যায়। এতে দুজন আহত হন।

আহত তাউস মিয়া ও নানু মিয়া জানান, ডাকাতেরা সড়কে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনার আলামত সাজিয়ে ১০–১২টি গাড়িতে ডাকাতি করেছে। বিষয়টি তাঁরা পুলিশকে জানিয়েছেন।

বানিয়াচং উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ তাঁরা পেয়েছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।