দুর্ঘটনায় আহত নাতিকে দেখতে যাওয়ার পথে ইজিবাইকের ধাক্কায় নানার মৃত্যু
পিরোজপুর শহরের পাড়েরহাট সড়কে ইজিবাইকের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত ব্যক্তির নাম এনামুল হক হাওলাদার (৬৭)। তিনি পিরোজপুর পৌরসভার বৌদ্ধপাড়া মহল্লার বাসিন্দা ও জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর ছিলেন।
নিহত এনামুল হকের জামাতা হাসানুল কবির বলেন, গতকাল বেলা তিনটার দিকে তাঁর (হাসানুল কবির) ছেলে জুনায়েদ আহমেদ সাইকেল থেকে পড়ে গিয়ে আহত হন। খবর পেয়ে এনামুল হক স্ত্রীকে নিয়ে শহরের পাড়েরহাট সড়কে মেয়ের বাসায় যাচ্ছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে মেয়ের বাসার সামনে রিকশা থেকে নামার সময় পেছন থেকে একটি ইজিবাইক এনামুল হককে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। পথে সন্ধ্যার দিকে তাঁর মৃত্যু হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জ ম মাসুদুজ্জামান বলেন, ঘটনার পর ওই ইজিবাইকচালক পালিয়ে গেছেন। নিহত ব্যক্তির স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।