দুর্ঘটনায় আহত মাসুমের অবস্থা আগের চেয়ে ভালো
দুর্ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি মাসুম রানার (১২) শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। এখন সে কথা বলছে। দুরন্ত বলে হাসপাতালের শয্যায় শুয়ে থাকতে চাচ্ছে না। মা বিউটি বেগম সারাক্ষণ তার কাছাকাছি থাকছে।
বিউটি বেগম বলেন, ‘এখন পর্যন্ত চার ব্যাগ রক্ত লেগেছে। নার্স বলেছেন, আরও দুই ব্যাগ লাগবে। রক্ত হাসপাতালে পাওয়া যাচ্ছে। কিন্তু কিনতে তো টাকা লাগছে।’ তিনি জানালেন, আজ শুক্রবার কোনো চিকিৎসক আসেননি। তবে নার্সরা এসে দেখে যাচ্ছেন। মাসুমের অপারেশন করবে কি না, তা–ও চিকিৎসকেরা জানাননি।
গত বুধবার রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার বারপাকিয়া গ্রামে মাটি টানার গাড়ির ধাক্কায় দুর্ঘটনার শিকার হয় মাসুম রানা। সে স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। দুর্ঘটনায় বাঁ পায়ে গুরুতর আঘাত পেয়েছে মাসুম। সেখানে ব্যান্ডেজ করা হয়েছে। দুই পায়ের মাঝখানে ঊরুর মাংসও পড়ে গেছে।
মাসুমের বাবা মাহাবুবুর রহমান ২০১৯ সালের নভেম্বরে ঢাকায় ট্রাকচাপায় এক পা হারান। আরেক পায়েও লোহার রড পরানো। টাকার অভাবে পরে আর রড খোলা হয়নি। আড়াই বছর ধরে পরিবার নিয়ে ভাইয়ের এক পরিত্যক্ত ঘরে তিনি থাকছেন। ভিটেমাটি নেই। অভাবের সংসার টানছেন স্ত্রী বিউটি বেগম। তিনি একটি প্রতিষ্ঠানে রান্নার কাজ করে সামান্য বেতন পান।
মাহাবুবুর রহমান গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতালে ছেলেকে দেখতে এসেছিলেন। সারা দিন হাসপাতালের বারান্দায় বসে থেকে এক প্রতিবেশীর সহায়তায় বাড়ি ফিরেছেন। আজ শুক্রবার বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, ‘ছেলেটাকে রেখে চলে এসেছি। আমার ওখানে থাকা না থাকা কিছুই না। আমি তো জিন্দা লাশ। এক গ্লাস পানি কেউ না দিলে এনে খেতে পারি না। ছেলেটা ফিরে আসুক, এই দোয়া করুন।’
রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. নওশাদ আলী বলেন, মাসুম আগের চেয়ে ভালো আছে। তার চিকিৎসা চলছে। এখনই মাসুমের অস্ত্রোপচার করা হবে না।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন বলেন, এ ঘটনায় মাসুম রানার পরিবারের কেউ এখন পর্যন্ত মামলা করেনি।