দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু, হাসপাতালে কাতরাচ্ছেন স্বামী-সন্তান
কুষ্টিয়ার কুমারখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী রিনা খাতুন (৩০) নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়ে হাসাপাতালে চিকিৎসাধীন নিহতের স্বামী আশরাফুল ইসলাম (৩৬) ও মেয়ে জয়া (১১)। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের নন্দলালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত আশরাফুল কুষ্টিয়া হাউজিং সি ব্লকের আবদুস সালামের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাভার্ড ভ্যানটি মোটরসাইকেলটিকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত আশরাফুল তাঁর স্ত্রী ও সন্তানকে মোটরসাইকেলে করে পাংশার মাছপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি কুষ্টিয়া হাউজিংয়ের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে নয়টার দিকে তাঁরা কুমারখালীর নন্দলালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছান। এ সময় একটি কাভার্ড ভ্যান ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে রিনা খাতুনের মৃত্যু হয়। আহত আশরাফুল ও তাঁদের সন্তান জয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। কাভার্ড ভ্যানটি টোলপ্লাজা এলাকা থেকে জব্দ করা হয়েছে।