দুর্ঘটনায় হাত হারানো এন্তাজের ঘুরে দাঁড়ানোর সংগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনায় হাত হারানো এন্তাজ আলী এখন এক হাতেই জুস বিক্রি করেন। ছবিটি সম্প্রতি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বসন্তপুর গ্রামে তোলা
ছবি : প্রথম আলো

‘দিনরাত, রাতদিন খেটে মরিস, তোরাই তো এ দেশের সুনাগরিক’ মনির খানের কণ্ঠে এই গান বাজছিল একটি ভ্যানে। ভ্যানের সামনের হাতল এক হাতে ধরে টেনে আনছেন এক ব্যক্তি। গানের আওয়াজে পাড়ার ছোট ছেলেমেয়েরা ছুটে আসছে। কেউ আলু, কেউ চাল, কেউবা টাকা নিয়ে আসছে। এসবের বিনিময়ে তারা আমের জুস খেতে চায়। তাদের সব চাওয়া পূরণ করছেন একজন মানুষ। তা–ও এক হাতে।

ওই ব্যক্তি হলেন এন্তাজ আলী (২৮)। ঠিক পাঁচ বছর আগে রাজশাহী শহরে সড়ক দুর্ঘটনায় বাঁ হাত হারান তিনি। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের (ইউপি) খেতুর গ্রামে তাঁর বাড়ি। এন্তাজ আলীর সঙ্গে এই প্রতিবেদকের দেখা হয় একই ইউনিয়নের বসন্তপুর গ্রামে। এলাকায় তিনি ঠান্ডা আমের জুস বিক্রি করেন।

এন্তাজ আলী বলেন, ২০১৭ সালে ভটভটি চালাতেন তিনি। গোদাগাড়ী থেকে সবজি আনতেন রাজশাহী শহরে। একদিন সবজির গাড়ি নিয়ে শহরে আসার পর তাঁর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। পরের দিন এন্তাজ নিজেকে আবিষ্কার করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শয্যায়। জ্ঞান ফিরলে চিকিৎসক ও তাঁর ভাইয়েরা জানান, তাঁর বাঁ হাত কেটে ফেলতে হবে। না কাটলে সেখান থেকে ক্যানসার হয়ে পুরো শরীরে ছড়িয়ে যেতে পারে। পরে তিনি হাত কেটে ফেলার সম্মতি দেন। এর পর থেকেই তাঁর এক হাতে চলার গল্প শুরু।

এন্তাজ আলী যখন এক হাত নিয়ে বাড়ি ফিরলেন। রাজ্যের হতাশা তাঁর মধ্যে ভর করছিল। কী করবেন, কীভাবে চালাবেন সংসার। মনে মনে একবার চিন্তাও এসেছিল, বাকিটা জীবন ভিক্ষা করতে হবে কি না। কারণ, এমন লোকদের তিনি ভিক্ষার থালা হাতে নিতে দেখতেই অভ্যস্ত।

বাড়িতে এসে এন্তাজ আলী ভাইদের সঙ্গে বসেন। তাঁরা ছয় ভাই ও এক বোন। জায়গাজমি বলতে শুধু ভিটেমাটি। ভাইদের সঙ্গে বসে কোনো সমাধান হলো না। ভাইদের সংসারে অভাবের শেষ নেই। এন্তাজ আলী এভাবে ছয় মাস বসে রইলেন। স্ত্রী সুলতানা খাতুনের পরামর্শে বাড়িতে থাকা একটিমাত্র গরু বিক্রি করে দেন তিনি। হাতে আসা টাকা দিয়ে ভ্যানগাড়ি কেনেন। গোদাগাড়ীতে থাকা জুস ফ্যাক্টরি থেকে খোলা জুস কিনে এলাকায় ফেরি করে বিক্রির সিদ্ধান্ত নেন তিনি। অনেক ভয় আর শঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছিলেন এন্তাজ আলী।

এন্তাজ আলী বলেন, ‘দুর্ঘটনা একজন মানুষের জন্য কী ভয়াবহ, তা আমি জানি। বাঁ হাতেও অনেক কাজ থাকে। এক হাতে কাজ করা অনেক অসুবিধা। কিন্তু মানুষ চাইলে সব পারে। আমি এখন এক হাতেই অভ্যস্ত হয়ে গেছি। আমাদের দেশে বহু মানুষ দুর্ঘটনার শিকার। অনেকে পা হারান। অনেকে আমার মতো হাত হারান। আমার মনে হয়েছিল, কী করে চলব। এখন আর খুব বেশি ভাবি না। এখন ভাবছি, মেয়েটাকে ভালো করে পড়াব।’

এন্তাজ আলীর জুস সবাই খায়। শিশু ও অসচ্ছল ব্যক্তিদের কাছে তিনি এক বোতল জুস পাঁচ টাকায় বিক্রি করেন। কোনো অনুষ্ঠান বা সচ্ছল ব্যক্তিদের কাছে ১০ টাকায় তিনি জুস বিক্রি করেন। তিনি বলেন, গ্রামে টাকার চেয়ে চাল, আলুতেই বেশি জুস বিক্রি করেন। ধানের সময়ে ধান দেয় অনেকে। এগুলো মিলিয়ে প্রতিদিন সংসার চালানোর মতো আয় তাঁর হয়ে যায়।

মাটিকাটা ইউপি সদস্য মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর তাঁরা সহযোগিতা করেছিলেন তাঁকে। অনেকে এ ধরনের পরিস্থিতিতে ভিক্ষাবৃত্তি বেছে নেন। কিন্তু এন্তাজ আলী এক হাতেই সংসার টানছেন। কারও কাছে হাত পাতেন না। তাঁর এই সংগ্রাম এলাকার সবাইকে মুগ্ধ করেছে।