‘দুর্নীতি-দুঃশাসনের’ বিরুদ্ধে ৪৯৫টি উপজেলা প্রদক্ষিণ শুরু হানিফ বাংলাদেশির
‘৫০ বছর ধরে চলমান দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে বদলে যাও, বদলে দাও’ স্লোগানে ৬৪ জেলা ও ৪৯৫টি উপজেলা প্রদক্ষিণ করে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন হানিফ বাংলাদেশি।
প্রতিদিন তিনটি উপজেলা প্রদক্ষিণ করে আগামী ২০২৩ সালের মে মাসে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গিয়ে কর্মসূচি সমাপ্ত করবেন তিনি। এ কর্মসূচি পালনের জন্য প্রায় ১১ মাস তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন থাকবেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের টেকনাফের জিরো পয়েন্ট (শাপলা চত্বর) এলাকা থেকে এ যাত্রা শুরু করেন হানিফ বাংলাদেশি। এ সময় টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়সার খসরুর অফিস সহকারী হাতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তিনি।
বর্তমানে কক্সবাজার শহরে অবস্থান করছেন হানিফ বাংলাদেশি। কাল সোমবার সকালে কক্সবাজার সদর উপজেলা ও জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে তাঁর।
নোয়াখালীর জাহানাবাদ গ্রামের বাসিন্দা আবদুল মান্নানের ছেলে মো. হানিফ পরিচিত হানিফ বাংলাদেশি নামেই। ১৯৯৯ সালে নোয়াখালীর বুলুয়া ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। পরে লেখাপড়া ছেড়ে দিয়ে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানে কমিশন এজেন্টের কাজ নেন। প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে এই প্রচারণা চালাচ্ছেন তিনি।
কয়েক বছর ধরেই বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করছেন হানিফ বাংলাদেশি। তিনি বলেন, দেশে সামাজিক, পারিবারিক ও মানবিক মূল্যবোধের চরম অবক্ষয় চলছে। ভোট, গণতন্ত্র, আইনের শাসনের ওপর আগের সরকারের সময় থেকে নগ্ন হস্তক্ষেপ শুরু হয়েছে। ঘুষ, দুর্নীতি, অর্থ পাচার হয়েছে। দেশের কৃষকের উৎপাদনশীল, শ্রমিকেরা পরিশ্রমী, ছাত্র–যুবকেরা মেধাবী। কিন্তু দুর্বৃত্তায়নের রাজনীতি সব অর্জনকে ব্যাহত করছে।
দেশে অবকাঠামোগত অনেক উন্নয়ন হলেও মানবিক মূল্যবোধের পতন হচ্ছে বলে মন্তব্য করেন হানিফ বাংলাদেশি। তিনি বলেন, সম্ভাবনাময় এই অগ্রযাত্রা এগিয়ে নিতে, চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ঘুষ, দুর্নীতি ও অর্থ পাচার বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাচার করা অর্থ ফেরত এনে যুবকদের মধ্যে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে সহজ শর্তে ঋণ দিতে হবে তাঁদের। ভোট, গণতন্ত্র, আইনের শাসনের মানোন্নয়নে আরও যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে বাংলাদেশ বিশ্বে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।