দুর্নীতির দায়ে নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ
দুর্নীতির অপরাধে নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাসকে তাঁর পদ থেকে অপসারণ করা হয়েছে। বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সূত্রে এ তথ্য জানা গেছে।
সোহরাব হোসেন বিশ্বাস জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। তিনি নড়াইল পৌরসভার সাবেক মেয়র।
সোহরাব হোসেন বিশ্বাসকে অপসারণের জন্য জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন প্রতিরোধ আইনের মামলায় সোহরাব হোসেন বিশ্বাসকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেলা পরিষদ আইন অনুযায়ী, যদি চেয়ারম্যান বা পরিষদের কোনো সদস্য দুর্নীতি, অসদাচরণ বা নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হন তবে তিনি তাঁর পদ থেকে অপসারণযোগ্য হবেন। এ আইন অনুযায়ী তাঁকে জেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হলো।
সোহরাব হোসেন বিশ্বাসের অপসারণ হওয়ার কথা নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান।
জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় যশোর স্পেশাল জেলা জজ আদালত সোহরাব হোসেন বিশ্বাসসহ ১১ জনকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দেন ও জরিমানা করেন। ওই দিন আদালত তাঁকে কারাগারে পাঠান। বর্তমানে তিনি এ মামলায় জামিনে রয়েছেন।
ওই মামলার বিবরণী সূত্রে জানা গেছে, নড়াইল পৌরসভার মেয়র থাকাকালে বাংলা ১৪১১ ও ১৪১২ সনে নড়াইল পৌরসভার রূপগঞ্জ সাধারণ হাট ও নড়াইল বাস টার্মিনাল ইজারার ১২ লাখ ২ হাজার ২৮০ টাকা পৌরসভায় জমা না দিয়ে আত্মসাৎ করেন। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী দুর্নীতি প্রতিরোধ আইনে ২০০৮ সালের ৭ আগস্ট নড়াইল সদর থানায় ওই মামলা করেন।
অপসারণের ব্যাপারে কথা বলতে সোহবাব হোসেন বিশ্বাসের মুঠোফোনে কল করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।