দুর্নীতির দায়ে সোনালী ব্যাংকের তিন অবসরপ্রাপ্ত কর্মকর্তার কারাদণ্ড
ফরিদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সোনালী ব্যাংকের তিন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ফরিদপুরের বিশেষ জজ আদালতের হাকিম মো. মতিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সোনালী ব্যাংক ভাটিয়াপাড়া শাখার সাবেক ব্যবস্থাপক ও অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. ফেরদৌস আলম, ওই শাখার অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তার হোসেন এবং ওই শাখার সাবেক ব্যবস্থাপক ও অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার এস এম মোশাররফ হোসেন।
২০১৭ সালের ২৯ নভেম্বর গোপালগঞ্জের কাশিয়ানী থানায় দুদকের সহকারী পরিচালক কমলেশ মণ্ডল বাদী হয়ে দুর্নীতি দমন আইনে এ মামলা করেন। দুদকের উপসহকারী পরিচালক রাজ কুমার সাহা মামলার তদন্ত করে অভিযোগপত্র জমা দেন।
আদালতের পিপি নারায়ণ চন্দ্র দাস বলেন, আসামিদের বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের প্রত্যেককে ৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ কোটি ৯৮ লাখ ৯৬ হাজার ১০৬ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই আইনের ৪৭১ ধারায় আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে সাত বছর সশ্রম কারাদণ্ড এবং নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া আসামিদের বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ অধ্যাদেশের ৫ (২) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের আট বছর করে সশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিদের সব ধারার অপরাধের সাজা একসঙ্গে গণনা করা হবে।