দুর্নীতির মামলায় চট্টগ্রাম বন্দর কর্মকর্তার স্ত্রীর পাঁচ বছর কারাদণ্ড
দুর্নীতির মামলায় চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় ইস্টার্ন ভিউ হোটেলের মালিককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম কোহিনুর বেগম। তিনি চট্টগ্রাম বন্দরের সাবেক মাস্টার অপারেটর জসিম উদ্দিনের স্ত্রী।
মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এই রায় দেন। তথ্য গোপন করার অভিযোগে ২০০৯ সালের ২২ মার্চ চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, ২০ লাখ ৬৩ হাজার ২২৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠান আদালত।
আদালত সূত্রে জানা গেছে, আসামি নগরের আগ্রাবাদে একটি সাততলা হোটেল নির্মাণ করেন। দুদকের তলব করা হিসাবে ইস্টার্ন ভিউ নামের ওই হোটেলের নির্মাণ ব্যয় দেখানো হয় ৩২ লাখ ২০ হাজার টাকা। বিষয়টি তদন্তের জন্য হোটেলটি পরিমাপ করে সরকারি মানদণ্ডের হিসাবে ওই হোটেলে ন্যূনতম ৫২ লাখ ৮৩ হাজার ২২৪ টাকা খরচের প্রমাণ পায় দুদক। তদন্ত শেষে ২০ লাখ ৬৩ হাজার ২২৪ টাকার তথ্য গোপনের অভিযোগে মামলা করে তারা। ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি কোহিনুর বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা। একই বছরের ১০ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। নয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত মঙ্গলবার এ রায় দেন।