দুর্নীতির মামলায় ফটিকছড়ির দাঁতমারা ইউপি চেয়ারম্যান কারাগারে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জানে আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁইয়া শুনানি শেষে এ আদেশ দেন।
দুদকের আইনজীবী মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, জানে আলম হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় জজকোর্টে আত্মসমর্পণ করে আবারও জামিন আবেদন করেন তিনি। কিন্তু আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।
গত ২৬ জানুয়ারি অর্থ আত্মসাতের অভিযোগে ফটিকছড়ির দাঁতমারা ইউপি চেয়ারম্যান জানে আলমসহ পাঁচজনের বিরুদ্ধে দুদক চট্টগ্রাম কার্যালয়ে মামলা করা হয়। অন্য আসামিরা হলেন ফটিকছড়ির কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মুহাম্মদ আজিজুল হক, একই ব্যাংকের সাবেক কর্মকর্তা সুজিত কুমার নাথ, ক্যাশিয়ার আবুল কাশেম ও তৎকালীন অফিসার প্রণবেশ মহাজন।
মামলার এজাহারে বলা হয়, ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের মোট ৮০ দিনের কর্মসৃজন প্রকল্পের দৈনিক ২০০ টাকা মজুরির ভিত্তিতে ৪১ শ্রমিকের ৬ লাখ ৫৬ হাজার টাকা ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ করা হয়। যাঁদের শ্রমিক হিসেবে দেখিয়ে টাকা আত্মসাৎ করা হয়, তাঁরা কেউই শ্রমিক নন। তাঁরা সবাই স্বাবলম্বী। তাঁদের মধ্যে স্কুলের প্রধান শিক্ষক, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, প্রবাসী, ব্যবসায়ী, চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিদেরও নাম ছিল। তাঁরা কখনো কৃষি ব্যাংকে যাননি। এমনকি তাঁরা কখনো কৃষি ব্যাংকে হিসাব খোলেননি এবং টাকাও উত্তোলন করেননি। এরপর ২০২০ সালে দুদকের চাকরিচ্যুত উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন তদন্ত করে ৪১ শ্রমিকের অর্থ আত্মসাতের দালিলিক প্রমাণ পাওয়ায় চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলার সুপারিশ করে দুদক কমিশনে প্রতিবেদন জমা দিয়েছিলেন।