রাজশাহী সিটি করপোরেশন যেন অভিভাবকহীন। নির্বাচিত মেয়র দায়িত্বে না থাকার প্রভাব পড়েছে সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে। সাবেক মেয়রের সময়ে যে পরিমাণ উন্নয়নকাজ হয়েছে, এখন তার সিকি ভাগও নেই। করপোরেশনের দৈনন্দিন কাজ চালানোই মুশকিল হয়ে পড়েছে। নগরবাসী, কাউন্সিলর ও করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে।
সচেতন নাগরিকেরা মনে করছেন, সিটি করপোরেশনের বর্তমান দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব খুবই দুর্বল। ২০ মাস ধরে মেয়রের দায়িত্বে আছেন সরকারদলীয় ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম। সরকারের উচ্চপর্যায় থেকে বড় কোনো উন্নয়ন প্রকল্প বের করে আনতে পারছেন না তিনি। আর নির্বাচিত মেয়র না থাকায় বিদেশি দাতা সংস্থাগুলোর কাছে করপোরেশনের গুরুত্ব কমে গেছে।
গুরুত্ব পান না বর্তমান দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযামও। সিটি করপোরেশন পরিচালনায় নেতৃত্বের দুর্বলতার কথা তিনি স্বীকারও করেন। প্রথম আলোকে তিনি বলেন, তাঁকে মেয়র হিসেবে অনেকে মানতে পারছেন না। যেখানে তাঁর সভাপতিত্ব করার কথা, সেখানে তাঁকে ডাকাই হচ্ছে না।
নির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ১৬ মাসের দায়িত্বকালে ১৪৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্প পেয়েছিলেন। তিনি বরখাস্ত হওয়ার পর গত ২১ মাসে রাজশাহী সিটি করপোরেশনে কোনো উন্নয়ন প্রকল্প অনুমোদন পায়নি। এর আগে রাজশাহীর মেয়র ছিলেন আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তাঁর পাঁচ বছর মেয়াদে ৭৩৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়। এর সিংহভাগই বাস্তবায়ন হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, মহানগরীর রাস্তাঘাটগুলো সংস্কার ও প্রশস্ত করা প্রয়োজন। শহরের শহীদ কামারুজ্জামান চত্বর থেকে বিমানবন্দর সড়ক এবং তালাইমারী-কাটাখালী সড়ক দুটি চার লেনের করা জরুরি। কামারুজ্জামান চত্বর থেকে বিমানবন্দর সড়কের মুখে সব সময় যানজট লেগেই থাকে।
রাজশাহীর সচেতন নাগরিকেরা বলছেন, সরকার সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করছে। সেখানে রাজশাহী নেই। শিল্পকারখানা না থাকায় রাজশাহীতে কর্মসংস্থানের বিরাট অভাব। কাজ না পেয়ে যুবকদের বড় অংশ ব্যাটারিচালিত অনুমোদনহীন অটোরিকশা চালানোর দিকে ঝুঁকেছে। মাত্রাতিরিক্ত অটোরিকশা শহরে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সিটি করপোরেশনের এক হিসাবে দেখা যায়, ২০০৮ সাল থেকে রাজশাহী শহরে মোট ১ হাজার ৮৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্প নেওয়া হয়। এর মধ্যে ৭৩৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছিল সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের সময়ে।
করপোরেশন সূত্রে জানা গেছে, খায়রুজ্জামান থোক বরাদ্দ পেয়ে ১৬৪ কোটি ৭০ লাখ টাকার উন্নয়নকাজ করেন। তাঁর সময়ে ৫৭৩ কোটি ৮৮ লাখ টাকার নয়টি প্রকল্প অনুমোদন হয়। এর মধ্যে ছয়টি প্রকল্পের কাজ শেষ হয়েছে, তিনটির কাজ চলছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, বস্তুত এই প্রকল্পগুলোই নগরীর চেহারায় পরিবর্তন আনে।
২০১৩ সালের ১৫ জুনের নির্বাচনে খায়রুজ্জামানকে হারিয়ে মেয়র নির্বাচিত হন মোসাদ্দেক হোসেন। এরপর ১৬ মাস দায়িত্ব পালনের সুযোগ পান তিনি। মেয়র থাকতে খায়রুজ্জামান ১২৭ কোটি টাকা ব্যয়ে রাজশাহীর কল্পনা সিনেমা হল থেকে তালাইমারি মোড় পর্যন্ত সড়কের প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের অনুমোদন পান। এখনো এ কাজ চলছে। খায়রুজ্জামানের সময়ে নেওয়া প্রায় ২০১ কোটি টাকার তিনটি উন্নয়ন প্রকল্প মোসাদ্দেকের সময়েও চলমান ছিল। এর বাইরে ভারত সরকারের ২১ কোটি ৯৫ লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয় তাঁর দায়িত্বকালে। এ প্রকল্পের অধীন ছয়টি মন্দির, তালাইমারিতে পদ্মা লাইব্রেরির সংস্কার ও ফুটপাতের উন্নয়ন হবে।
জানা গেছে, মেয়র থাকতে মোসাদ্দেক শহরে সবুজায়ন প্রকল্প, নগরীর রাস্তায় আলোকসজ্জা, স্বল্প আয়ের মানুষদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা, এক কাঠা পরিমাণ জমির মালিকদের গৃহনির্মাণের জন্য ‘নগর দারিদ্র্য বিমোচন সহযোগিতা প্রকল্প’ নিয়েছিলেন। এখন এসব বন্ধ। উল্টো তাঁর সময়কার হোল্ডিং ট্যাক্স হাজার গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মোসাদ্দেক হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি হোল্ডিং ট্যাক্স বাড়াইনি। অথচ এখন হোল্ডিং ট্যাক্স নির্যাতনের পর্যায়ে চলে গেছে। আমাদের চার কাঠা জমির ওপর আড়াইতলা ভবনের ট্যাক্স ছিল ৪ হাজার ৩০০ টাকা। এখন করা হয়েছে ২৮ হাজার ৯০০ টাকা।’
২০১৫ সালের ৭ মে মোসাদ্দেক হোসেনকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২ জুন মেয়রের দায়িত্ব নেন সরকারদলীয় ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম। গত ২০ মাসে তিনি কোনো অনুদান, ঋণ পাননি। সম্প্রতি নগরীর ভৌত অবকাঠামোর উন্নয়নে ২০ কোটি টাকার অনুমোদন পেয়েছেন। তা-ও সরকার এ টাকা বরাদ্দ দিয়েছে সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশার অনুকূলে। প্রথম পর্যায়ে ছয় কোটি টাকার কাজ হবে। সম্প্রতি এর দরপত্র হয়েছে। এ ছাড়া কিছু গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়নে দায়িত্বপ্রাপ্ত মেয়র ১৭৩ কোটি ১২ লাখ টাকার প্রকল্প মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। এটি একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে।
নিযাম উল আযীম প্রথম আলোকে বলেন, ‘করপোরেশনের উন্নয়ন সহায়ক তহবিল পাচ্ছি না। এখন রুটিন ওয়ার্ক ছাড়া আর কিছু করছি না। লিটন ভাই (খায়রুজ্জামান) যা করে গেছেন, এরপর আর কিছু হয়নি। টাকার জন্য আমরা তদবিরে আছি।’ (শেষ)