দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল আ.লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুনে পুড়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থীর অস্থায়ী নির্বাচনী কার্যালয়। আজ রোববার বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়ার সোবাহান মোড় এলাকায়
ছবি: প্রথম আলো

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীর অস্থায়ী নির্বাচনী কার্যালয়। গতকাল শনিবার রাতে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লাঙ্গলমোড়ার সোবাহান মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

সীমাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ফজর শেখ ও রইচ উদ্দিন জানান, গতকাল রাত ১২টার দিকে তাঁরা অফিস থেকে বাড়ি ফিরে যান। আজ রোববার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে তাঁরা জানতে পারেন, তাঁদের নির্বাচনের কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অস্থায়ী নির্বাচনী কার্যালয়টি তিন দিক থেকে কাপড় দিয়ে ঘেরা ছিল। আগুনে কাপড়ের বেশ কিছু অংশ পুড়ে গেছে।

আওয়ামী লীগের ওই প্রার্থীর নাম গৌড়দাস রায় চৌধুরী। তিনি সীমাবাড়ি ইউপির বর্তমান চেয়ারম্যান। তিনি বলেন, আওয়ামী লীগের সমর্থিত ভোটারদের ভীতি সৃষ্টি করার জন্য রাতে সন্ত্রাসীরা তাঁদের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে। তিনি এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেবেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিয়ে পুলিশের অনুসন্ধান চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হবে।