দুর্বৃত্তের হামলায় ইউপি চেয়ারম্যানসহ দুজন নিহত
কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনির হোসেন সরকার ও তাঁর শ্যালক মহিউদ্দিন দুর্বৃত্তের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আহত ব্যক্তিরা হলেন সুমন মিয়া, ইসমাইল হোসেন ও মোহাম্মদ ওলি। তাঁদের মধ্যে সুমন মিয়ার অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
দাউদকান্দি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তির কাছ থেকে জানা যায়, কুমিল্লা আদালতে একটি মামলার হাজিরা দেওয়ার উদ্দেশে মনির হোসেন চেয়ারম্যানসহ ১১ জন আজ সকালে একটি মাইক্রোবাসযোগে রওনা দেন। মাইক্রোবাসটি সড়কের অটোরিকশা স্ট্যান্ডে পৌঁছালে একদল দুর্বৃত্ত মাইক্রোবাসের গতিরোধ করে চেয়ারম্যানকে গুলি করে। সঙ্গে থাকা আরও চারজনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় ও গুলি করে। পরে আহত পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসার পর সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসকেরা মনির হোসেন ও মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, দুজন মারা গেছেন। সুমনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। আহত ইসমাইল হোসেন ও মোহাম্মদ ওলির হাতে ও পায়ে গুলি লেগেছে।
দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, পরিস্থিতি মোকাবিলায় গৌরীপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।