দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালককে ছুরি মেরে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে এক ব্যক্তি তাঁর শ্যালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় মুসলিমনগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শ্যালকের নাম সুমন মিয়া (২৬)। তিনি ফতুল্লার মুসলিমনগর এলাকার মুসলিম উদ্দিনের ছেলে। তাঁদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার রশিদাবাদ এলাকায়। পুলিশ সুমনের ভগ্নিপতি হাবিব উল্লাহকে (৩২) আটক করেছে। হাবিব উল্লাহর বাড়ি একই এলাকায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার রাতে শিশুসন্তানের জন্য দুধ কেনা নিয়ে শ্যালক সুমনের সঙ্গে ভগ্নিপতি হাবিব উল্লাহর ঝগড়া হয়। একপর্যায়ে হাবিব উল্লাহ চাকু দিয়ে শ্যালক সুমনের বুকে ছুরিকাঘাত করেন।

পরে এলাকাবাসী সুমনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিয়ে যান এবং হাবিব উল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করেন। রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা সুমনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম আরও জানান, আটক হাবিব উল্লাহ ইট-বালু টানার কাজ করেন। সুমনের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।