দুশ্চিন্তা কাটল সেই অটোরিকশাচালক মহেজ আলীর
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অটোরিকশা ছিনতাই হওয়ার পর অসহায় ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন দরিদ্র মহেজ আলী (৫৫)। শেষ পর্যন্ত তাঁর দুশ্চিন্তা কেটেছে। তাঁর পাশে দাঁড়িয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রপ্রবাসী এক নারী।
ঋণের টাকায় মহেজ আলী অটোরিকশাটি কিনেছিলেন। দুর্বৃত্তরা তাঁকে মারধর করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। ১০ আগস্ট প্রথম আলো অনলাইনে ‘চালককে মারধরের পর পানিতে ফেলে দিয়ে অটোরিকশা ছিনতাই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদন দেখে যুক্তরাষ্ট্রপ্রবাসী ওই নারী সাহায্যের হাত বাড়িয়ে দেন। ওই নারী ঢাকায় বসবাসকারী তাঁর ছোট বোনের মাধ্যমে প্রথম আলোর নালিতাবাড়ী প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেন। ওই নারীর পাঠানো ৫০ হাজার টাকা দিয়ে একটি পুরোনো (সেকেন্ড হ্যান্ড) অটোরিকশা কিনে আজ সোমবার মহেজ আলীকে দেওয়া হয়েছে। এতে তাঁর দুশ্চিন্তা দূর হয়েছে, ফিরেছে স্বস্তি।
মহেজ আলী বলেন, ধারদেনা করে অটোরিকশাটা কিনেছিলেন। অটোরিকশার আয় দিয়েই সংসার চলত তাঁর। ছিনতাই হওয়ার পর তিনি দিশেহারা হয়ে পড়েছিলেন। তিনি আরও বলেন, ‘যে আমারে ৫০ হাজার টাকা দিয়া একটা অটোরিকশা কিনা দিছে, আল্লাহ হের ভালো করুক। আমরা সব সময় তাঁর জন্য দোয়া করমু।’
পুলিশ ও মহেজের পরিবার জানায়, ৯ আগস্ট রাত ৯টার দিকে নালিতাবাড়ী উপজেলা শহরের গড়কান্দা এলাকা থেকে চার যাত্রী নিয়ে তিনানী বাজারের উদ্দেশে রওনা দেন অটোরিকশাচালক মহেজ আলী। পথে চার যাত্রীকে অটোরিকশা থেকে নামিয়ে চালককে জোর করে নেশাদ্রব্য খাওয়ায় দুর্বৃত্তরা। পরে মহেজ আলীকে মারধর করে সড়কের পাশে ডোবার পানিতে ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে গেছে তারা। রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় মহেজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বলেন, অটোরিকশাচালক মহেজ আলী খুবই গরিব। তাঁর অটোরিকশার আয়ে সাত সদস্যের সংসারটি চলত। ওই ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান চলানো হচ্ছে।