
কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলায় নির্মিত দেশের সর্ববৃহৎ ‘বায়ুবিদ্যৎকেন্দ্র’ দীর্ঘ সাত বছর পর আবার চালু হচ্ছে। ইতিমধ্যে কেন্দ্রের অচল যন্ত্রপাতি ও ক্ষতিগ্রস্ত বায়ুকলগুলো মেরামত করে বিদ্যুৎ উৎপাদন উপযোগী করা হয়েছে। চলতি নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এক হাজার গ্রাহক এই বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাবেন। অন্ধকার কাটবে কুতুবদিয়ার।
কুতুবদিয়ার আলী আকবর ডেইল গ্রামে ২০০৮ সালে এই বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বিকল হয়ে পড়ে। দেড় লাখ মানুষের এই উপজেলায় এখন বিদ্যুৎ নেই। হাসপাতাল, ক্লিনিক, উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম চলে জেনারেটরের সাহায্যে।
বায়ুবিদ্যুৎকেন্দ্র চালুর বিষয়টি নিশ্চিত করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ৬ নভেম্বর কেন্দ্রটির সর্বশেষ পরিস্থিতি দেখার জন্য ঢাকা থেকে বিউবোর পাঁচ সদস্যের একটি দল কুতুবদিয়া আসবে। কেন্দ্রের সবকিছু ঠিকঠাক পাওয়া গেলে কক্সবাজার বিউবোর তত্ত্বাবধানে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
বিউবো সূত্র জানায়, বায়ুশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ২০০৭ সালের জুন মাসে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে এক হাজার কিলোওয়াটের এই বায়ুবিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু করে। বিউবোর তত্ত্বাবধানে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান প্যান এশিয়া পাওয়ার সার্ভিসেস লিমিটেড এটি নির্মাণ করে। ২০০৮ সালের পয়লা বৈশাখ এই কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ ৬০০ গ্রাহকের মধ্যে পরীক্ষামূলকভাবে বিতরণও করা হয়। কিন্তু কয়েক ঘণ্টার মাথায় কেন্দ্রের একটি যন্ত্র অচল হলে সরবরাহ বন্ধ থাকে। সেই থেকে কেন্দ্রটি বন্ধ রয়েছে।
গত শনিবার সরেজমিন বায়ুবিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখা গেছে, সাগরের তীরঘেঁষে তৈরি কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত। দ্বিতল ভবনের দক্ষিণ পাশে ৫০ মিটার উঁচু ২৭টি এবং উত্তর পাশের ২৩টি খুঁটির (বায়ুকল) ওপর ইস্পাতের উইন্ড টারবাইনগুলো (বায়ুচালিত সুউচ্চ পাখা) সংস্কার করা হয়েছে। ভবনে বসানো হয় এক হাজার ব্যাটারি। পাখাগুলো বাতাসে ঘুরলে উৎপাদিত বিদ্যুৎ ব্যাটারিতে জমা হবে।
কেন্দ্রের তত্ত্বাবধায়ক মাসুদুর রহমান বলেন, অচল যন্ত্রপাতি ও জোয়ারে ক্ষতিগ্রস্ত বায়ুকলগুলো কয়েক দিন আগে সংস্কার করে বিদ্যুৎ উৎপাদনের জন্য কেন্দ্রটি প্রস্তুত করা হয়েছে।
উপজেলা পরিষদ সূত্র জানায়, এই উপজেলায় ১৯৮০ সালে জেনারেটরের মাধ্যমে প্রায় ৬০০ গ্রাহকের মধ্যে সান্ধ্যকালীন কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎব্যবস্থা চালু করা হয়। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে গেলে সরবরাহ বন্ধ হয়ে যায়। বিউবো ২০০৫ সালে দেড় কিলোমিটার লাইন মেরামত করে দুটি জেনারেটরের মাধ্যমে সন্ধ্যার পর কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ করে। তবে এ সুবিধা পেয়েছে উপজেলা সদর ও নিকটবর্তী এলাকার মানুষ। কিন্তু গত এক বছর ধরে তা-ও বন্ধ।
স্থানীয় লোকজন জানান, বিদ্যুৎ না থাকায় উপজেলায় চাষাবাদ ছাড়াও পোলট্রি, মৎস্য খামার, শিল্প-কলকারখানা, কুটিরশিল্প স্থাপনসহ নানা উন্নয়নকাজ করা যাচ্ছে না। দ্বীপের একমাত্র ৫০ শয্যার সরকারি হাসপাতালে রাতে কয়েক ঘণ্টা জেনারেটর চালিয়ে চিকিৎসাসেবা চলে। জেনারেটর নষ্ট হলে মোমের আলোই ভরসা।
কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী বলেন, ‘এখন মানুষের চরম দুর্ভোগ যাচ্ছে। বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার খবরে মানুষ খুশি।’
এখনো বিদ্যুতের আলো না পৌঁছানো উপজেলা সদর থেকে চার কিলোমিটার দূরের দরবেশঘাটা গ্রামের বাসিন্দা ও কুতুবদিয়া ডিগ্রি কলেজের ছাত্রী মনোয়ারা বেগম বলেন, ‘জন্মের পর থেকে এলাকায় বিদ্যুৎ দেখিনি। এখন বিদ্যুৎ আসছে কলেজে। কম্পিউটার চালু হবে। অনেক কাজ করতে পারব।’