দূষণ-গন্ধ রোধে বৃষ্টিই এখন ভরসা

প্রকৃতিই যেন একমাত্র ভরসা। কাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ায় হাওরাঞ্চলে দূষণ-দুর্গন্ধ কম অনুভূত হয়েছে। তবে বৃষ্টি থামার পর আবার দুর্গন্ধ ছড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশাল হাওর এলাকায় পানি যেভাবে দূষিত হয়েছে, রাতারাতি তা শোধনের কোনো উপায় নেই। বৃষ্টি হলেই পরিস্থিতির উন্নতি হবে।
পানিদূষণ ছাড়াও মাছ-হাঁসসহ জলজ প্রাণী মারা যাওয়ার বিষয়টি হাওরবাসীকে ভাবিয়ে তুলেছে। সরকারি হিসাবে পানিদূষণে এ পর্যন্ত সুনামগঞ্জের হাওরে ৫০ মেট্রিক টন মাছ মারা গেছে। ধান নষ্ট হওয়ার পর জলজ প্রাণী কেন মারা পড়ছে, সেই প্রশ্ন সবার। পরিস্থিতি দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সুনামগঞ্জের হাওর এলাকায় এসেছে। মোহাম্মদ মনিরুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, এখনো পানিতে অক্সিজেনের পরিমাণ কম আছে। তবে বৃষ্টি হওয়ায় অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ কমেছে। পানি শোধন করতে শুধু কিছু হাওরে চুন বা জিওলাইট ছিটালেই হবে না। এভাবে সম্ভবও নয়। এটা প্রাকৃতিকভাবে হতে হবে। সে জন্য সময় লাগবে।
পানিতে দূষণের মাত্রা পরীক্ষা সম্পর্কে মনিরুজ্জামান বলেন, ‘আমরা পানি পরীক্ষা করে দেখেছি, হাওরে তলিয়ে যাওয়া ধানগাছ পচে এবং জমিতে ব্যবহার করা কীটনাশক ও রাসায়নিক সারের মিশ্রণে পানি দূষণ হয়েছে। ইউরেনিয়ানের কারণে পানি দূষণ হয়েছে, এমনটা আমরা পাইনি।
পত্রপত্রিকায় সীমান্তের ওপারের খনির যে উৎসের কথা বলা হয়েছে, সেখান থেকে এই হাওরে এসব আসা সম্ভব নয়। মনে হচ্ছে এটা গুজব।’
প্রতিনিধিদলের সদস্য উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আজমল হোসেন ভূঁইয়া উৎকট গন্ধ ছড়িয়ে পড়ায় মানবদেহের ক্ষতি সম্পর্কে বলেছেন, এই গন্ধ নেওয়ার পর মানুষের বমি বমি ভাব হবে, বমি হবে। ডায়রিয়াসহ পেটের নানা পীড়া দেখা দেবে।
গতকাল খরচার হাওরপারের ঘাগটিয়া গ্রামে গেলে সেখানকার বাসিন্দা মনতাজুন বেগম (৩৪) বমি হওয়ার বিষয়টি জানিয়েছেন। তিনি আট দিন ধরে গন্ধ শুঁকছেন। গতকাল সকালের দিকে দুবার বমি করেছেন। বললেন, ‘আট দিন ধরি দুর্গন্ধ, বড় বেকায়দায় আছি।’
একই গ্রামের জমির আলী বলেন, মৎস্য বিভাগের কর্মকর্তারা বলেছিলেন বৃষ্টি হলে গন্ধ কমবে। কিন্তু গন্ধ আগের মতোই আছে। আসক আলী (৬৫) বলেন, ‘দুই দিন আগে এক রকম গন্ধ আছিল, অখন আরেক রকমের। মনে অয় ধানের পরে পানির নিচে মাছ, জীবজন্তু পচি গেছে।’
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তথ্য বলছে, হাওরের পানিদূষণে এ পর্যন্ত সুনামগঞ্জে ৫০ মেট্রিক টন মাছ মারা গেছে। হাওরের পানি পরিশোধনের জন্য মৎস্য বিভাগ গত এক সপ্তাহে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন হাওর-জলাশয়ে ১৩ মেট্রিক টন চুন ও জিওলাইট ছিটিয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা শংকর রঞ্জন দাশও প্রকৃতির ওপর নির্ভরতার কথা জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। তবে এই বিশাল হাওর এলাকায় পানি শোধনে প্রকৃতির ওপরই ভরসা করতে হচ্ছে। গত দুদিন বৃষ্টি হওয়ায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতির আরও উন্নতি হবে।
এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ মেহেদী হাসানের নেতৃত্বে তিন সদস্যের বিশেষজ্ঞ দল গতকাল জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর পরিদর্শন করেছে। তাঁরা নলুয়ার হাওরের পানি পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নলুয়ার হাওরই প্রথম তলিয়েছিল এবং মাছ ও হাঁসের মড়কের বিষয়টিও প্রথম এ হাওরেই দেখা যায়। পরে সুনামগঞ্জের হাওর ও নদীসহ সিলেট ও মৌলভীবাজার জেলায় বিস্তৃত হাকালুকি হাওরেও ছড়ায়। পানিদূষণে মাছের মড়কের সঙ্গে অনেক গৃহস্থ পরিবারের পালিত হাঁসও মারা যায়।
হাওরের পানিদূষণের কারণ পানিতে তলিয়ে যাওয়া কাঁচা ধান পচে যাওয়া, না অন্য কিছু? এ নিয়ে প্রশ্ন ওঠে ভারতের মেঘালয় রাজ্যে ইউরেনিয়াম ও কয়লাখনি থেকে অপরিকল্পিতভাবে উত্তোলন প্রক্রিয়ার সূত্র ধরে। সিলেট অঞ্চলের উত্তরজুড়ে ভারতের মেঘালয় রাজ্যের অবস্থান। সেখানে ভারী বৃষ্টি হলে পাহাড়ি ঢলের পানি নদী দিয়ে সিলেট অঞ্চলে এসে বন্যা দেখা দেয়। ইউরেনিয়াম খনির বর্জ্য ভাটির দিকে নেমে আসায় পানিদূষণের কারণ বলে অনেকে মনে করছেন। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জলজপ্রাণের মড়কে উৎকণ্ঠা
সিলেট প্রতিনিধি জানান, সিলেটের বিভিন্ন হাওরে মাছ ও জলজপ্রাণের ভয়াবহ মড়কে উৎকণ্ঠা প্রকাশ করেছে নাগরিক সমাজ। এ ঘটনায় গতকাল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বক্তারা হাওরে দূষণ ও গন্ধের উৎস মেঘালয়ের ইউরেনিয়াম ও কয়লাখনির বর্জ্য থেকে কি না, তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি মানবিক বিপর্যয় ঠেকাতে পুরো হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করার দাবি জানান তাঁরা।
দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট জেলা শাখা ও সুরমা রিভার ওয়াটার কিপারের যৌথ উদ্যোগে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে ‘উৎকণ্ঠিত নাগরিক জমায়েত’ অনুষ্ঠিত হয়। শুরুতেই স্বাগত বক্তব্য দেন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম। সভাপতিত্ব করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও কেমিস্ট্রি বিভাগের প্রধান মো. মেহেদী হাসান। কর্মসূচিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মুকির হোসেন চৌধুরী, রাজনীতিবিদ ধীরেন সিংহ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ, বাপার সংগঠক জাকির হোসেন, খাসি স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি ডেন্সিল পড়-য়েং প্রমুখ উপস্থিত ছিলেন।
বেলা একটার দিকে সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে শহীদ মিনারের সামনে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’-এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সেখানে প্রবীণ বাম রাজনীতিবিদ বেদানন্দ ভট্টাচার্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
হাকালুকিতে ২৫ মেট্রিক টন মাছ মারা গেছে
মৌলভীবাজার প্রতিনিধি জানান, সম্প্রতি হাকালুকি হাওরে আনুমানিক ২৫ মেট্রিক টন মাছ মারা গেছে। ধানগাছ পচে বিষক্রিয়ায় এই মাছ মারা যায়। গতকাল শনিবার মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে মৎস্য অধিদপ্তর আয়োজিত হাকালুকি হাওরের বর্তমান অবস্থা বিষয়ে পর্যালোচনা সভায় এই ক্ষতির কথা জানানো হয়েছে। সভায় লিখিত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা আ ক ম শফিক-উজ-জামান।
পর্যালোচনা সভায় জানানো হয়েছে, বড়লেখা উপজেলায় ১০, জুড়ী উপজেলায় ৭ ও কুলাউড়া উপজেলায় ৮ মেট্রিক টন মাছ মারা গেছে। এখন মাছের মড়ক বন্ধ আছে। মাছের আবাসস্থল নিরাপদ আছে। বর্তমানে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় হাওরে পানি বৃদ্ধি পেয়েছে। এক প্রশ্নের জবাবে জেলা মৎস্য কর্মকর্তা বলেন, অকাল বন্যায় ধান ডুবলেও জেলার অপর দুটি বড় হাওর কাউয়াদীঘি ও হাইল হাওরে মাছ মারা যায়নি।