পটুয়াখালীর দশমিনার পূর্ব আলীপুর গ্রামে হাত-পা বেঁধে কানন বালা নামের এক হিন্দু বিধবার ওপর অমানবিক নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পটুয়াখালীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। গতকাল শনিবার সকালে পটুয়াখালী শহরের লঞ্চঘাট টার্মিনাল এলাকার সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সকাল সাড়ে ১০টায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি চলাকালে এক সমাবেশের আয়োজন করা হয়। বিধবা কানন বালার ওপর অমানবিক নির্যাতনে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা কমিটির সভাপতি অতুল চন্দ্র দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য তারক চন্দ্র সাহা, জেলা কমিটির সহসভাপতি তপন কর্মকার, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজল বরণ দাস, দশমিনা উপজেলা কমিটির সভাপতি উত্তম কর্মকার, দুমকির সভাপতি মধু রঞ্জন রায় প্রমুখ। সমাবেশে নির্যাতনের শিকার কানন বালার ছেলে অসীম কুমার তাঁর মায়ের ওপর নির্যাতনের ঘটনার বর্ণনা করে কেঁদে ফেলেন।
৮ মে পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে হিন্দু বিধবা কানন বালাকে হাত-পা বেঁধে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটে।