দৃষ্টি হারানো সুমনের জীবনের বাঁকবদল
সুমন মৃধার (৩২) নিজের বা পৈতৃক কোনো জমি নেই। আগে দোকানদারি করে চালাতেন সংসার। ২০০৩ সালে রাতকানা রোগে হারিয়ে ফেলেন দুচোখের দৃষ্টি। এরপর বিয়ে করে স্ত্রীর সহায়তায় শুরু করেন ভিক্ষাবৃত্তি। স্ত্রী ও সন্তান নিয়ে রাত কাটাতেন একেক সময় একেক জায়গায়।
স্থানীয় এক জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি নজরে আসে প্রশাসনের। শেষ পর্যন্ত চলতি বছরের এপ্রিল মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাদ্দ করা অর্থে নির্মিত দুই কক্ষের একটি আধা পাকা ঘর পান সুমন। ঘরটিতে উঠে ভিক্ষাবৃত্তি ছেড়েছেন তিনি। স্বামী-স্ত্রী মিলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন। দৃষ্টি হারানো সুমন জীবনের বাঁকবদলের চেষ্টা করছেন।
সুমন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বহরী গ্রামের নুরুল ইসলামের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সুমন বড়। ছোট ভাই ঢাকায় দিনমজুরির কাজ করেন। মা–বাবা জেলা শহরে ভিক্ষা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী কার্যালয়ের ‘মুজিব বর্ষ দুই কক্ষবিশিষ্ট একক গৃহ’ কর্মসূচির আওতায় সম্প্রতি সুমন মৃধা এক খণ্ড সরকারি জমির ওপর ১ লাখ ৭১ হাজার টাকা বাজেটের একটি আধা পাকা ঘর পান।
গত বুধবার উপজেলার খিদিরপুর গ্রামে গিয়ে দেখা যায়, পাকা সড়কের পাশে সরকারের বরাদ্দ করা সুমনের আধা পাকা বাড়ি। দুটি শোবার ঘর, একটি রান্নাঘর, একটি বারান্দা ও একটি গোসলখানা। স্ত্রী শেফালী বেগম ও সাত বছরের ছেলেকে নিয়ে নতুন ঘরে থাকছেন সুমন।
তাঁরা মা–বাবা ভিক্ষা করছেন শহরে। একমাত্র ভাই ঢাকায় দিনমজুরির কাজ করছে। ছোটবেলা থেকেই গ্রামে তিনি দোকানিদারি করে পরিবার চালিয়েছেন। কিন্তু অন্ধ হওয়ার পর তা বন্ধ হয়ে যায়। এরপর স্ত্রীকে নিয়ে ভিক্ষা করে চলত সংসার।
সুমন মৃধা বলেন, তাঁরা মা–বাবা ভিক্ষা করছেন শহরে। একমাত্র ভাই ঢাকায় দিনমজুরির কাজ করছে। ছোটবেলা থেকেই গ্রামে তিনি দোকানিদারি করে পরিবার চালিয়েছেন। কিন্তু অন্ধ হওয়ার পর তা বন্ধ হয়ে যায়। এরপর স্ত্রীকে নিয়ে ভিক্ষা করে চলত সংসার। দিনভর ভিক্ষাবৃত্তি শেষে স্ত্রী-সন্তানকে নিয়ে রাত কাটাতেন স্কুল-কলেজের বারান্দায়, পরিত্যক্ত কোনো বাড়িতে, খোলা আকাশের নিচে অথবা গাছের নিচে।
চলতি বছরের জানুয়ারি মাসে নিজের কষ্টের কথা সুমন স্থানীয় এক জনপ্রতিনিধিকে জানান। ওই জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি জানার পর ইউএনও গত এপ্রিলে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তাঁকে একটি ঘর দেন। বর্তমানে সুমন স্ত্রী ও ছেলে নিয়ে সেই ঘরেই বসবাস করছেন। এতে সুমন স্বস্তি পেয়েছেন। ভিক্ষা ছেড়ে স্ত্রীর সহযোগিতায় টুকটাক কাজ করছেন। এর-ওর ফুটফরমাশ খাটছেন। স্বামী-স্ত্রী মিলে আবার দোকান করারও চিন্তা করছেন। সরকার থেকে পাওয়া নতুন ঘরটি তাঁদের নতুনভাবে বাঁচার সাহস ও স্বপ্ন জুগিয়েছে।
সুমনের মতো প্রতিবন্ধী ও অসহায় মানুষের জন্য ঘর জরুরি ছিল বলে মন্তব্য করেন উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন।
এ বিষয়ে ইউএনও ফাহমিদা হক বলেন, সুমনের অসহায়ত্বের কথা জানতে পেরে আধা পাকা ঘরটি বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথম ধাপে উপজেলায় অন্তত ২৪ গৃহহীন লোককে একটি করে ঘর দেওয়া হয়েছে।