দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন এইচএসসি পাস করলেন যেভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা- মায়ের সঙ্গে দৃষ্টি প্রতিবন্ধী চয়ন তালুকদার ও তার বোন বৃষ্টি তালুকদার
ছবি: প্রথম আলো

২০২১ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাস করেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন তালুকদার। আজ রোববার প্রকাশিত ফলাফলে জগন্নাথপুর ডিগ্রি কলেজ থেকে জিপিএ–৩.৯২ পেয়েছেন তিনি।

চয়নের বোন বৃষ্টি তালুকদারও জগন্নাথপুর মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ–৩.৩৩ পেয়েছেন। দুই ভাই–বোনের এইচএসসি পাসে পরিবারের সদস্যরা আনন্দিত। তবে ছেলেমেয়ের ভবিষ্যৎ পড়াশোনা চালিয়ে নেওয়া নিয়ে শঙ্কা রয়েছে তাঁদের।

পরিবারের লোকজন জানান, জন্ম থেকে দুই চোখে আলো না থাকলেও ছোটবেলা থেকে পড়াশোনায় আগ্রহী চয়ন। সহপাঠী বোন বৃষ্টি তালুকদারের কাছ থেকে পড়া শুনে মুখস্থ করতেন তিনি। শ্রুতলেখকের মাধ্যমে পরীক্ষা দিয়ে এসএসসি ও সর্বশেষ এইচএসসি পাস করেন চয়ন। গানের গলাও ভালো তাঁর।

চয়নের মা মিনতি তালুকদার বলেন, ‘তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় চয়নকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। সে মনের জোরে পড়ালেখা চালিয়ে ভালো ফল করে আমাদের খুশি করেছে।’

চয়নের বাবা কৃষক নিতাই তালুকদার বলেন, ‘কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছি। সিলেট ও সুনামগঞ্জ শহরে রেখে ছেলেমেয়েকে পড়ানোর সক্ষমতা নেই। ওরা দুজনই এইচএসসি পাস করায় আমি খুশি। কিন্তু সামনে কীভাবে ওদের পড়ালেখা চালাব, ভেবে কূল পাচ্ছি না।’

পাসের প্রতিক্রিয়া জানিয়ে চয়ন তালুকদার প্রথম আলোকে বলেন, ‘খুব ইচ্ছা বাংলা নিয়ে অনার্স পড়ব। এসএসসি ও এইচএসসি মিলে ৭ পয়েন্ট রয়েছে। জগন্নাথপুর উপজেলায় অনার্স পড়ার সুযোগ না থাকায় দুশ্চিন্তায় আছি। অভাবের সংসারে সিলেটে থেকে অনার্স পড়া সম্ভব নয়। তাই কী করব ভেবে পাচ্ছি না।’

চয়নের বন্ধু শ্রুতলেখক মাজহারুল ইসলাম বলেন, চয়নের শ্রবণশক্তি খুব ভালো থাকায় শুনে শুনে পড়া মুখস্থ করে ফেলতে পারেন। তিনি এসএসসি ও এইচএসসিতে তাঁর শ্রুতলেখক ছিলেন। চয়ন পাস করায় তাঁর খুব ভালো লাগছে।

জগন্নাথপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘চয়ন তালুকদারের পড়ালেখার আগ্রহ দেখে আমরা তাকে সহযোগিতা করেছি। সে ভালো ফল করায় আমরা আনন্দিত। চয়ন সুযোগ পেলে উচ্চশিক্ষা অর্জন করতে পারবে বলে আমি আশাবাদী।’