দৃষ্টিশক্তি হারানো বাবা-ছেলের ‘শিঙাড়ার দোকান’
বাড়িতে বসে শিঙাড়া-চপ তৈরি করেন সাপিয়া খাতুন। তাঁর দৃষ্টিপ্রতিবন্ধী স্বামী সামছের আলী অন্যের সহযোগিতায় সেগুলো পৌঁছে দেন দোকানে। এই দম্পতির দৃষ্টিপ্রতিবন্ধী ছেলে উজ্জ্বল হোসেন মোল্লা ভাঙাচোরা দোকানটিতে বসে সেগুলো বিক্রি করেন।
দোকানটির অবস্থান ঝিনাইদহের শৈলকুপার সাতগাছি মোড়ে। দৃষ্টিশক্তি হারানো বাবা-ছেলে এভাবেই শিঙাড়ার দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। টেনেটুনে চলছে পাঁচ সদস্যের সংসার।
স্থানীয় লোকজন বলছেন, এই দোকানের খাবারগুলো খুবই সুস্বাদু হয়। যে কারণে দ্রুতই সব বিক্রি হয়ে যায়। দুপুরের পর বেচাবিক্রি শুরু হয়। সন্ধ্যা নামতে নামতে কিছু অবশিষ্ট থাকে না। চাহিদা থাকলেও পুঁজির অভাবে ব্যবসা বাড়াতে পারছেন না তাঁরা।
সামছের আলী মোল্লার (৬২) দুই ছেলে। উজ্জ্বল হোসেন মোল্লা (৩২) ও সুজন হোসেন মোল্লা (২৮)। উজ্জ্বল তাঁর মতোই দৃষ্টিপ্রতিবন্ধী। সুজন স্বাভাবিক। তাঁর পৃথক সংসার। সামছের ও উজ্জ্বলের দৃষ্টিশক্তিও একসময় স্বাভাবিক ছিল।
সামছের আলী বলেন, ছোটবেলায় ভালোই ছিলেন। মাঠে কৃষিকাজ করতেন। ১৯৮৫ সালের কথা, তাঁর চোখ দিয়ে পানি ঝরতে শুরু করে। স্থানীয়ভাবে চিকিৎসক দেখান। ওই বছরেই খাবার খেতে বসে হঠাৎ চোখে আর দেখতে পাননি। সেই থেকে অন্ধ হয়ে গেছেন। পরবর্তী সময়ে অনেক চিকিৎসক দেখিয়েছেন, কিন্তু লাভ হয়নি।
ছেলে উজ্জ্বল হোসেন মোল্লা (৩২) বলেন, বাবা দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় তাঁকে হাত ধরে নিয়ে বেড়াতে হতো। এই কারণে তাঁর লেখাপড়া হয়নি। কিশোর বয়সেই কৃষিকাজে নেমে পড়েন। মাত্র ১৭ বছর বয়সে কলের লাঙল চালাতেন। একদিন বুঝতে পারেন তিনি চোখে সবকিছু ঝাপসা দেখছেন। দ্রুত চিকিৎসকের কাছে ছুটে যান। তাঁরা জানিয়ে দেন উচ্চ রক্তচাপের ফলে দুটি চোখই নষ্ট হয়ে গেছে। আর কখনো দেখতে পারবেন না। এই অবস্থায় অসহায় হয়ে পড়েন।
উজ্জ্বল বলেন, ছোট ভাই বিয়ের পর পৃথক হয়ে যান। সে সময় তাঁরা অন্ধ বাবা-ছেলে কী করবেন ভেবে পাচ্ছিলেন না। বাড়ির জমি আর মাঠে মাত্র ১২ শতক জমি আছে। এই জমির আয়ে সংসার চলে না। বাড়িতে মা, স্ত্রী ও এক কন্যা রয়েছে। এই অবস্থায় সাতগাছি গ্রামের মোড়ে একটি টিনের চালা তৈরি করে সেখানে শিঙাড়া, চপ আর পিঁয়াজি বিক্রি শুরু করেন। প্রথমে তাঁর বাবা এই দোকান চালাতেন। এখন বাবার শারীরে আরও সমস্যা দেখা দেওয়ায় তিনিই বসেন। বাবা পাশে থেকে সহযোগিতা করেন।
উজ্জ্বল আরও বলেন, প্রতিদিন ১৭০ থেকে ১৮০ পিস শিঙাড়া, ১৫০ থেকে ১৬০ পিস চপ আর ৩ থেকে ৪ কেজি পিঁয়াজি বিক্রি হয়। টাকা হাতে নিলে বুঝতে পারেন কত টাকার নোট। আর দাঁড়িপাল্লায় ওজনও নিজেই দেন। এলাকার মানুষ তাঁদের খুব সহযোগিতা করেন। এভাবে প্রতিদিন তিন শতাধিক টাকা আয় হয়, যা দিয়ে তাঁদের সংসার চলে।
এর আগে তাঁরা অন্য একটি চালায় বসে ব্যবসা করতেন। সেটা ভেঙে যাওয়ায় গ্রামের বাকা মোল্লার একটি পরিত্যক্ত ঝুপড়ি দোকানে বসছেন। উজ্জ্বল বলেন, অর্থের অভাবে একটা ভালো দোকান তৈরি করতে পারছেন না। যে কারণে চাহিদা থাকা সত্ত্বেও পর্যাপ্ত খাবার রাখতে পারেন না। তিনটি গামলায় এই শিঙাড়া, চপ আর পিঁয়াজি রেখে বিক্রি করেন।
গ্রামের বাসিন্দা রামিম হাসান বলেন, তাঁরা বাবা-ছেলে খুবই ভালো মানুষ। দৃষ্টিপ্রতিবন্ধী হলেও পরিশ্রমী। প্রতিবন্ধী হয়েও দোকানের পাশাপাশি মাঠে মানুষের খেতে সেচ দেওয়ার কাজ করেন। এই কাজেও তাঁর মা সহযোগিতা করে থাকেন। তাঁর একটা নিজস্ব দোকান হলে আরও ভালো ব্যবসা করতে পারতেন।