পাওনা টাকা না দেওয়ায় লিংকনকে অপমান করেন রুবেল মিয়া। এর জের ধরে রুবেলের বাবাব রহমত আলীকে (৫০) রাস্তায় একা পেয়ে মারধর করেন লিংকন ও তাঁর স্বজনেরা। উদ্ধার করে তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ শনিবার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমুখা গ্রামে এ ঘটনা ঘটে। লিংকন শতমুখা গ্রামের খেলু মিয়ার ছেলে। রুবেল মিয়া তাঁদের প্রতিবেশী।
এদিকে রহমত আলীর মৃত্যুর খবর পাওয়ার পর দুই পক্ষের স্বজনদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ১০ জন আহত হয়েছেন। এ সময় ২-৩টি বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে বানিয়াচং থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লিংকনের কাছে তাঁদের প্রতিবেশী রুবেল মিয়ার ছয় হাজার টাকা পাওনা ছিল। এর মধ্যে চার হাজার টাকা পরিশোধ করেন লিংকন। কয়েকবার তাগাদা দেওয়ার পরও বাকি দুই হাজার টাকা না দেওয়ায় গত বৃহস্পতিবার দুপুরে গ্রামের রাস্তায় লিংকনকে অপমান করেন রুবেল। এর জের ধরে আজ দুপুরে রুবেলের বাবা রহমত আলীকে গ্রামের রাস্তা একা পেয়ে মারধর করেন লিংকন ও তাঁর স্বজনেরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে বেলা তিনটার দিকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।