দেবরের হামলায় আহত ভাবির মৃত্যু
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দেবরের হামলায় আহত ভাবির মৃত্যুর হয়েছে। গতকাল রোববার রাত আটটার দিকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মারা যাওয়া ওই গৃহবধূর নাম শিরিনা বেগম (৪৮)। তিনি কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামের সাদিকুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত তাঁর দেবর হলেন মনিরুল ইসলাম।
শিরিনার স্বামী সাদিকুল ইসলাম বলেন, ছোট ভাই মনিরুল ইসলামের সঙ্গে তাঁর পাঁচ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই সূত্র ধরে ১২ মে রাত ১১টার দিকে বাড়িতে ঢুকে লাঠি ও রড নিয়ে তাঁর ভাই মনিরুলসহ সাত থেকে আটজন তাঁদের ওপর হামলা চালান। এ সময় লাঠির আঘাতে তাঁর স্ত্রী শিরিনা গুরুতর আহত হন। রাতেই প্রতিবেশীরা শিরিনাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত আটটার দিকে তিনি মারা যান।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, গতকাল রাতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহত নারীর স্বামী সাদিকুর ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।