দেবীদ্বারে করোনায় বৃদ্ধের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে আটটায় দেবীদ্বার পৌরসভা এলাকায় নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৭০ বছর।
আজ বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহাম্মদ কবীর প্রথম আলোকে বলেন, ‘ওই ব্যক্তির করোনা শনাক্ত হয় গতকাল শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটে। এরপর আমরা তাঁর বাড়ি লকডাউন করি। আজ সকালে খবর পেলাম তিনি নিজ বাড়িতেই মারা গেছেন। ১৩ মে তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল।’
এ নিয়ে দেবীদ্বার উপজেলায় এক নারীসহ নয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। তবে আজ এই উপজেলায় নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। আগে আক্রান্ত রোগীর সংখ্যা ১০২ জন।