দেবীদ্বারে জ্বরে মারা যাওয়া বৃদ্ধের করোনা পজিটিভ

কুমিল্লার দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নে জ্বর নিয়ে মারা যাওয়া বৃদ্ধ করোনায় (কোভিড–১৯) আক্রান্ত ছিলেন। আজ মঙ্গলবার দুপুরে তাঁর নমুনা পরীক্ষার ফল আসে। এতে তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। ওই বৃদ্ধসহ দেবীদ্বার উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে সাতজন মারা গেছেন। জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ও কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন এ তথ্য দিয়েছেন।
ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন বলেন, গত শনিবার বিকেলে জ্বর ও সর্দি নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন জাফরাবাদ গ্রামের ওই বৃদ্ধ (৭০)। রাতেই তাঁকে আইসোলেশন ওয়ার্ডে আনা হয়। পরদিন সকালে তিনি আইসোলেশন ওয়ার্ডে মারা যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজের ল্যাবে পাঠায়। এ ঘটনায় ওই বৃদ্ধের বাড়ি লকডাউন করা হয়। আজ মঙ্গলবার ল্যাব থেকে প্রতিবেদন আসে। ওই প্রতিবেদনে তিনি করোনা পজিটিভ উল্লেখ করা হয়।
এ বিষয়ে কুমিল্লার সিভিল সার্জন মো. নিয়াতুজ্জামান বলেন, দেবীদ্বারের কমিউনিটিতে করোনা সংক্রমিত হয়েছে। এ পর্যন্ত এই উপজেলায় সাতজন মারা গেছেন। উপজেলাবাসীকে ঘরে থাকতে হবে। লকডাউন মানতে হবে। ঘর থেকে বের হওয়া যাবে না।