দেবীদ্বারে মাটিচাপায় দিনমজুরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় পুকুর কাটার সময় মাটিচাপা পড়ে সফিকুল ইসলাম (২৫) নামের এক দিনমজুর মারা গেছেন। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার পশ্চিম পোমকাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ পুকুরের মালিক ছিদ্দিকুর রহমানকে আটক করেছে।

মারা যাওয়া দিনমজুর সফিকুল ইসলাম পশ্চিম পোমকাড়া গ্রামের মোখলেছুর রহমান ও জোছনা বেগমের ছেলে। বুধবার বেলা ১টা ৩০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাত আটটা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীদ্বার উপজেলার পশ্চিম পোমকাড়া গ্রামের ছিদ্দিকুর রহমান কয়েক দিন ধরে পুকুর খনন করছেন। পুকুর খননের সময় পাড়ের নিচের অংশে অন্তত সাত ফুট ভেতরের দিকে সুড়ঙ্গের মতো কেটে ফেলা হয়। মাটিকাটা শ্রমিকেরা ঝুঁকি নিয়ে পুকুরের পাড়ের ভেতরের অংশের মাটি কাটতে অপারগতা জানালেও মালিকের চাপের মুখে মাটি কাটছিলেন।

একপর্যায়ে বেলা সাড়ে ১১টায় পুকুরের পাড় ধসে পড়ে। এ সময় দিনমজুর সফিকুল ইসলাম ঘটনাস্থলেই মাটিচাপায় মারা যান। পরে স্থানীয় লোকজন মাটি সরিয়ে তাঁর লাশ উদ্ধার করেন। খবর পেয়ে বেলা ১টা ৩০ মিনিটে দেবীদ্বার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সফিকুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। একই সঙ্গে পুকুরের মালিক ছিদ্দিকুর রহমানকেও থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে।

স্থানীয় বাসিন্দা ইদ্রিস মিয়া বলেন, মাটিকাটার কাজে চারজন ছিলেন। এর মধ্যে সফিকুল পুকুরপাড়ের নিচে থাকায় মাটিচাপায় মারা যান।

সফিকুলের স্ত্রী বকুল বেগম বলেন, ‘আমার আট মাসের ছেলে রায়হান এতিম হয়ে গেল। সকালেও ছেলেকে কোলে নিয়ে আদর করে কাজে গেছেন। কে জানত, তিনি আর ফিরবেন না।’

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, সফিকুলের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বৃহস্পতিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য লাশটি পাঠানো হবে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। তবে এ ঘটনায় সফিকুলের পরিবারের লোকজন মামলা করবেন বলে জানিয়েছেন।