শরীয়তপুর-চাঁদপুর সড়কের একটি কালভার্ট দেবে গতকাল মঙ্গলবার সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার শরীয়তপুর সদর উপজেলার মনোহর বাজার থেকে বুড়িরহাট পর্যন্ত এলাকায় কালভার্টের দুই প্রান্তে তিন শতাধিক পণ্যবাহী গাড়ি আটকা পড়েছে।
দেবে যাওয়া কালভার্টের ওপর অস্থায়ীভাবে একটি বেইলি সেতু স্থাপনের কাজ করছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। শরীয়তপুর সওজ সূত্রে জানা গেছে, শরীয়তপুর-চাঁদপুর সড়ক দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে যাতায়াত করেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে থাকা স্থলবন্দর বেনাপোল, ভোমরা, নৌবন্দর মোংলা ও পায়রা বন্দরের পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন এই সড়ক দিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় যাতায়াত করে।
সড়কটি শরীয়তপুর সদর উপজেলার মনোহর বাজার থেকে ভেদরগঞ্জের নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত ৩৫ কিলোমিটার। ১৯৯০ সালের দিকে গ্রামীণ সড়ক হিসেবে সড়কটি নির্মাণ করা হয়। এরপর ২০০০ সালে ওই সড়ক চাঁদপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে পরিণত করা হয়। সড়কে ২৯টি সেতু ও কালভার্ট রয়েছে, যা নতুন করে নির্মাণ করার উদ্যোগ নিয়েছে সওজ।
মঙ্গলবার সকাল নয়টার দিকে চট্টগ্রামগামী পণ্যবাহী একটি ট্রাক মধ্যপাড়া এলাকায় একটি কালভার্টের ওপর ওঠে। তখন কালভার্টটির ১০ ফুট অংশ দেবে যায়। দ্রুত ট্রাকটি কালভার্ট থেকে নামিয়ে নেওয়া হয়। এরপরই সড়ক বিভাগ লাল পতাকা টানিয়ে ওই কালভার্টে গাড়ি ওঠা বন্ধ করে দেয়।
সড়কে চলাচলকারী যাত্রীবাহী গাড়িগুলো জেলা শহরের মধ্য দিয়ে আটং-বুড়িরহাট সড়ক ব্যবহার করে চলাচল করছে।
শরীয়তপুর সওজের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান বলেন, কালভার্টটির স্থানে একটি বেইলি সেতু স্থাপনে কাজ করছেন শ্রমিকেরা। আশা করা হচ্ছে, বুধবার রাতের মধ্যেই কাজ শেষ হবে। বৃহস্পতিবার যান চলাচল স্বাভাবিক হতে পারে।