দেয়াল রং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
বাণিজ্যিক ভবনের দ্বিতীয় তলার দেয়ালে রং করছিলেন এক শ্রমিক। দেয়াল ঘেঁষা বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় একটি বাণিজ্যিক ভবনে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ওই শ্রমিকের নাম মো. দুলাল মিয়া (৪০)। তিনি শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
নিহত ব্যক্তির বোন ফুলেছা বেগম প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে মাওনা চৌরাস্তার আজাদ কমপ্লেক্স নামের একটি ভবনে কাজ করছিলেন দুলাল। বেলা ১১টার দিকে তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর পান। স্থানীয় লোকজন তাঁদের জানিয়েছেন, দেয়ালে রং করতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন দুলাল। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় কিছুক্ষণ তাঁর লাশ দেয়ালের সঙ্গে লাগানো মইয়ের পাটাতনে ঝুলছিল। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে লাশ নামিয়েছেন।
শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশ উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।