দেশ আলোকিত করবেন জয়িতারাই
মাধ্যমিক পরীক্ষায় পাসের পরপরই বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে নার্গিস জাহানকে। আর বিয়ের পর থেকে দিন কেটেছে মাদকাসক্ত স্বামীর নির্যাতনের মধ্যে দিয়ে। একপর্যায়ে স্বামী-স্ত্রীর বিচ্ছেদ হয়। তবে থেমে থাকেননি নার্গিস। দৃঢ় মনোবল আর প্রবল ইচ্ছাশক্তি দিয়ে সব বাধা অতিক্রম করেছেন তিনি। নিজে স্বাবলম্বী হয়ে জীবন থেকে মুছে ফেলেছেন নির্যাতনের বিভীষিকা।
বরিশাল বিভাগের ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’-এর পক্ষ থেকে নার্গিসকে নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন এমন নারী হিসেবে ‘শ্রেষ্ঠ জয়িতা’ নির্বাচন করা হয়েছে। তাঁর বাড়ি পিরোজপুর স্বরূপকাঠি নেছারাবাদ এলাকায়।
বরিশাল বিভাগের ছয় জেলার ৩০ জন সংগ্রামী নারীর মধ্যে থেকে পাঁচজনকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত করা হয়।
দেশের সাতটি বিভাগে পর্যায়ক্রমে এ কর্মসূচির মাধ্যমে পাঁচটি শ্রেণিতে সফল ও সংগ্রামী নারীদের পুরস্কৃত করার এই উদ্যোগটি নিয়েছে মহিলাবিষয়ক অধিদপ্তর এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনীকুমার হলে বিভাগীয় পর্যায়ের ওই আয়োজন করে বিভাগীয় প্রশাসন।
নার্গিস জাহান ছাড়াও নির্বাচিত অপর চার শ্রেষ্ঠ জয়িতা হলেন—জীবনসংগ্রামে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী পিরোজপুরের নামাজপুর গ্রামের শাহিনুর বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বরিশালের গৌরনদী উপজেলার মাহিলারা বিল্বগ্রামের প্রিয়াংকা পাল, সফল জননী হিসেবে বরিশাল সদর উপজেলার হালিমা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বরিশালের উজিরপুর উপজেলার গৌরী বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঘর থেকে সমাজ, সমাজ থেকে দেশ আলোকিত করবেন জয়িতারাই। এ জন্য জয়িতারাই বাংলাদেশের বাতিঘর, জয়িতারাই বাংলাদেশকে এগিয়ে নেবেন। আজকের জয়িতারাই একদিন বাংলাদেশের নেতৃত্ব দেবেন। আমাদের দেশে এ রকম হাজারো জয়িতা রয়েছেন, যাঁদের সংগ্রাম আর ত্যাগের বিনিময়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এঁরাই পিছিয়ে পড়া নারীদের পথ দেখাবেন।
অনুষ্ঠানে নির্বাচিত প্রত্যেক জয়িতাকে ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। এ ছাড়া অংশ নেওয়া অন্য ২৫ জনকে দেওয়া হয় বিশেষ সনদপত্র।
বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’-এর বিভাগীয় এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাংসদ তালুকদার মো. ইউনুস এবং জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান।