দেশভাগ থামিয়ে দেয় বাংলার মানুষের গতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাক বিশ্ববিদ্যালয় আয়োজিত সেমিনারে জয়া চ্যাটার্জি l ছবি: প্রথম আলো
ব্র্যাক বিশ্ববিদ্যালয় আয়োজিত সেমিনারে জয়া চ্যাটার্জি l ছবি: প্রথম আলো

জয়া চ্যাটার্জি ভারত বিভাগকে দেখেছেন খানিকটা ভিন্ন দৃষ্টিতে। এর কিছুটা পরিচয় পাই তাঁর বিখ্যাত বই বেঙ্গল ডিভাইডেড-এ। সহযাত্রী ইতিহাসকারেরা যখন বাংলা ভাগের জন্য প্রধানত মুসলমানদের দায়ী করেছেন, তখন জয়া চ্যাটার্জি তথ্য-প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছেন, দায়টা বেশি ছিল বাঙালি হিন্দু মধ্যবিত্তেরই।
গতকাল বুধবার ব্র্যাক সেন্টারের মিলনায়তনে ব্র্যাক বিশ্ববিদ্যালয় আয়োজিত সেমিনারের বিষয় ছিল ‘অন বিয়িং স্টাক: ইমমোবিলিটি অ্যান্ড পোভার্টি ইন ডিভাইডেড বেঙ্গল’ (আটকে পড়া: বিভক্ত বাংলায় গতিহীনতা ও দারিদ্র্য)। কাঁটায় কাঁটায় ঠিক ছয়টায় সবুজ জমিনের ওপর হলুদ পাড়ের শাড়ি পরে মঞ্চে এলেন জয়া। তাঁকে অভ্যাগতদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম।
কিন্তু আনুষ্ঠানিক পরিচয়ের তেমন প্রয়োজন ছিল না। ঢাকার বিদ্বৎসমাজের সঙ্গে তাঁর পরিচয় বেঙ্গল ডিভাইডেড বইটির মাধ্যমে। সৈয়দ মনজুর যখন জয়ার কথা বলছিলেন মনে হচ্ছিল, ‘তিনি তো আমাদেরই লোক। রবীন্দ্রনাথের ভাষায় জয়া কথাটি না বললেও তাঁর চোখেমুখে সেই অভিব্যক্তিই ধরা পড়েছিল।’
গত মঙ্গলবার জয়া চ্যাটার্জি ঢাকায় এসেছেন। শিলিগুড়ির মেয়ে জয়া চ্যাটার্জি ইতিহাস নিয়ে পড়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে অক্সফোর্ডে পিএইচডি। এরপর কেমব্রিজের ট্রিনিটি কলেজে অধ্যাপনা ও অব্যাহত গবেষণা। তিনি মনে করেন, ভালো শিক্ষকেরাই ভালো গবেষক হন না। ভালো গবেষক হতে হলে একটু খ্যাপাটে হতে হয়। জয়ার গবেষণা দেখলে তেমনই মনে হয়। তাঁর গবেষণার ক্ষেত্র দক্ষিণ এশিয়া থেকে বিশ্ব ইতিহাস। পনেরো শতকের ইউরোপ থেকে বর্তমান দক্ষিণ এশিয়া।
আলোচনার শুরুতে জয়া যে গল্পটি বললেন, তা কৌতূহলোদ্দীপক। আশির দশকে তিনি কলকাতা পুলিশের আর্কাইভে কাগজপত্র ঘাঁটতে গিয়ে দেখেন কলকাতার কেন্দ্রস্থলে মুসলমানদের একটি কবরস্থান ছিল। পরে সেটি পরিত্যক্ত হয়। কিন্তু তার খোঁজ কেউ দিতে পারে না। অবশেষে এক মুসলমান বৃদ্ধ রিকশাচালক তাঁকে সেই জায়গাটি দেখিয়ে দেন। এরপরই জয়ার অনুসন্ধান শুরু হয়। আশপাশের মানুষগুলো কোথায় গেল? এভাবেই তাঁর গবেষণায় ধরা পড়ে এ দেশ থেকে ও দেশে যাওয়া কিংবা ও দেশ থেকে এ দেশে আসা মানুষগুলোর জীবনকথা।
জয়া এতে দেখেছেন, যাঁরা দেশ ত্যাগ করতে পারেননি, বাধ্য হয়েছেন জন্মভূমিতে থেকে যেতে, তাঁদের দুঃখের ভারটা খানিকটা বেশি। দেশ বিভাগ এসব মানুষের জীবিকা ও স্বস্তি দুটোই কেড়ে নিয়েছে। দেশ বিভাগের আগে অবিভক্ত বাংলার মানুষ অবাধে কাজের জন্য এক এলাকা থেকে আরেক এলাকায় যেতেন। বিশেষ করে রেলওয়ে, স্টিমার যোগাযোগ চালু এবং আসামে চা-বাগান, পশ্চিমবঙ্গে কয়লাখনি ও পূর্ববঙ্গে পাটের ব্যবসার প্রসার ঘটার পর তাদের যাতায়াত বেড়ে যায়। কিন্তু সাতচল্লিশের দেশ বিভাগ সেই গতি থামিয়ে দেয়। অনেকে জীবিকা হারায়। অনেকে দেশান্তরে বাধ্য হয়। অনেককে অনিচ্ছা সত্ত্বেও জন্মভূমিতে থেকে যেতে হয়। কিন্তু জন্মভূমি তাদের সেভাবে গ্রহণ করে না। তারা হয়ে পড়ে নিজ দেশে পরবাসী। এই পরবাসীদের কথাই অত্যন্ত দরদ দিয়ে বলেছেন জয়া চ্যাটার্জি। তিনি তাঁর প্রবন্ধে তিনটি পরিবারের কাহিনি বর্ণনা করেছেন। এক. ঢাকার সাইরুন, দুই. সৈয়দপুরের মরিয়ম এবং তিন. পশ্চিমবঙ্গের জালাল গাজী। তিনজনের জীবনকাহিনি ভিন্ন হলেও বেদনার ভাষা অভিন্ন। তারা স্বজন থেকে দূরে। একই ঘরে গাদাগাদি করে ছেলেমেয়ে, নাতিনাতনি নিয়ে থাকতে হয়। লেখাপড়ার সুযোগ পাননি। দেশভাগ এ রকম আরও শত শত সাইরুন ও জালাল গাজীর উপাখ্যান তৈরি করেছে।
জয়া চ্যাটার্জি বলতে চেয়েছেন, যাঁরা অনিচ্ছা সত্ত্বেও জন্মভূমি বা আশ্রিত ভূমিতে থেকে গেছেন তাঁরা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সব ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। দেশ বিভাগ তাঁদের জন্য কোনো সুসংবাদ বয়ে আনেনি বরং জীবনকে ঠেলে দিয়েছে চরম অনিশ্চয়তা ও দারিদ্র্যের মধ্যে।
জয়া চ্যাটার্জির নিবন্ধ পাঠের পর ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য সৈয়দ সাদ আন্দালিবের পরিচালনায় প্রশ্নোত্তর পর্বে উঠে আসে হাল আমলের অভিবাসন-সমস্যা, যুক্তরাজ্যে তৃতীয় প্রজন্মের ইসলামীকরণ, অর্থনৈতিক ও জাতিগত অভিবাসন ইত্যাদি প্রসঙ্গ। কেউ কেউ জয়া চ্যাটার্জির কাছে একাত্তরে মুক্তিযুদ্ধের পটভূমিতে এ রকম একটি গবেষণা করবেন কি না জানতে চান। তাঁর জবাব ছিল—কাজটি তাঁর জন্য খুবই কঠিন, তবে চেষ্টা করবেন।