দেশসেরা লিটল ম্যাগাজিন পুরস্কার পেল ‘মহাকালগড়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেরা লিটলম্যাগাজিন পুরস্কার নিচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির রাজশাহী জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আসাদ সরকার। মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে
ছবি: সংগৃহীত

দেশসেরা লিটল ম্যাগাজিনের পুরস্কার পেল রাজশাহী শিল্পকলার প্রকাশিত ‘মহাকালগড়’। রাজশাহী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ সাহিত্য পত্রিকাটি সম্পাদনা করছেন আসাদ সরকার। তিনি রাজশাহী শিল্পকলা একাডেমির জেলা সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা ও টিভি নাট্যকার।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আজ মঙ্গলবার লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও সম্মাননা ২০২২ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সারা দেশের শিল্পকলা একাডেমির প্রকাশিত লিটল ম্যাগাজিনগুলোর মধ্য থেকে রাজশাহী শিল্পকলার ‘মহাকালগড়’কে সেরা নির্বাচন করা হয়। সেরার পুরস্কার হিসেবে একটি ক্রেস্ট, সনদ ও নগদ ২৫ হাজার টাকা পেয়েছে ‘মহাকালগড়’।

পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মো. আছাদুজ্জামান।

‘মহাকালগড়’ রাজশাহী শিল্পকলার প্রথম প্রকাশিত লিটল ম্যাগাজিন। এতে লিখেছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, মামুন হুসাইন ও নাট্যকার মলয় ভৌমিক, কবি ও শিক্ষাবিদ তসিকুল ইসলাম, কবি কামরুল ইসলাম, চলচ্চিত্র নির্মাতা সাজ্জাদ বকুল, কবি রুহুল আমিন প্রামাণিক, গল্পকার চন্দন আনোয়ার, মোজাফফর হোসেন, গৌতম বিশ্বাস, আনিফ রুবেদ, কবি শামীম হোসেন, মাহী ফ্লোরা, কবি সিরাজুদ্দৌলাহ বাহার, কামরুল বাহার আরিফ, স্মৃতিচারণা করেছেন নাট্যাভিনেতা ওয়াহিদা মল্লিক ও রহমত আলী, ফিচার বিভাগে লিখেছেন আবুল কালাম মুহম্মদ আজাদ প্রমুখ।

পুরস্কারপ্রাপ্তি নিয়ে ‘মহাকালগড়’–এর উপদেষ্টা ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, ‘এটা রাজশাহী জেলার জন্য একটা সম্মান। আশা করছি রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি প্রকাশনার এই ধারা অব্যাহত রাখবে।’