দেশে ফিরল বাংলাদেশি ৭ জেলের লাশ
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবিতে নিহত বাংলাদেশি সাত জেলের মরদেহ বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারত। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা মরদেহগুলো সাতক্ষীরার ভোমরা বিজিবি ক্যাম্পের সদস্যদের কাছে হস্তান্তর করেন।
বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের পক্ষে ভোমরা ক্যাম্পের কমান্ডার সুবেদার সিরাজুল গনি মরদেহগুলো গ্রহণ করেন। তবে, মরদেহগুলো পচে যাওয়ায় নিহত জেলেদের পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না।
১৪ আগস্ট নোয়াখালীর হাতিয়া থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এফবি নূর আলম নামের নিখোঁজ ট্রলারে জেলে ছিলেন ১৭ জন।
ট্রলারের মালিক নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার বাসিন্দা নবীর উদ্দিন প্রথম আলোকে বলেন, গত ১৪ আগস্ট ১৭ জন জেলে নিয়ে তাঁর এফবি নূর আলম নামের ট্রলারটি মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। পরদিন ঝড়ের কবলে পড়ে ট্রলারটি নিখোঁজ হয়। এ বিষয়ে ২১ আগস্ট হাতিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নবীর উদ্দিন জানান, নিখোঁজ জেলেরা হলেন জাফর উদ্দিন, মো. রাশেদ, তাজুল ইসলাম, মো. জাফর, মিরাজ উদ্দিন, মো. স্বপন, মো. ফরহাদ, জহির উদ্দিন, মনির উদ্দিন, মো. মিরাজ, মো. মেহরাজ, সালাহ উদ্দিন, মো. সোহেল, রোমান হোসেন, মো. মিরাজ, মো. নিশান ও এনায়েত উদ্দিন। তাঁরা সবাই মারা গেছেন বলে তাঁর আশঙ্কা। তাঁদের বাড়ি হাতিয়ার জাহাজমারা ও নিঝুম দ্বীপে।
বিজিবির ভোমরা ক্যাম্পের কমান্ডার সুবেদার সিরাজুল গনি জানান, মরদেহগুলো সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মরদেহগুলো এখন সাতক্ষীরা সদর থানার হেফাজতে রাখা হবে। এরই মধ্যে মরদেহগুলো পচে বিকৃত হয়ে গেছে। ইতিমধ্যে ট্রলারমালিক নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার নবীর উদ্দিনের সঙ্গে কথা হয়েছে। তিনি নিখোঁজ জেলেদের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।