দেশে–বিদেশে দক্ষ রন্ধনশিল্পীদের চাহিদা ব্যাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় রন্ধনশিল্প বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন বিশ্বখ্যাত টনি খান
ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত শেফ টনি খান বলেন, রান্না এখন শিল্প, রান্না এখন পেশা। দেশে ও বিদেশে একজন দক্ষ রন্ধনশিল্পীর (শেফ) ব্যাপক চাহিদা রয়েছে। দেশে বর্তমানে পাঁচতারা হোটেল থেকে শুরু করে ছোটখাটো রেস্তোরাঁতেও বাবুর্চির বদলে শেফ নিয়োগ দেওয়া হচ্ছে। শেফ হিসেবে বিদেশে গিয়েও ব্যাপক আয় করার সুযোগ রয়েছে।

আজ শুক্রবার খুলনা নগরে অনুষ্ঠিত এক রন্ধন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খুলনা বিভাগীয় সার্কিট হাউস, বাংলো, রেস্টহাউসের কর্মচারীদের জন্য ‘নিরাপদ রান্না, কিচেন ব্যবস্থাপনা, হাউস কিপিং ও টেবিল এটিকেট’ শীর্ষক ছয় দিনব্যাপী ওই কর্মশালার আয়োজন করা হয়। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আওতাধীন অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ প্রকল্প থেকে কর্মশালার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. শহিদুল ইসলাম বলেন, ‘নিরাপদ খাদ্যই আমাদের মূল ভিত্তি। নিরাপদ খাদ্যের পাশাপাশি রান্নাঘর ব্যবস্থাপনা, টেবিল এটিকেট—এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। রন্ধনশিল্পে নিরাপদ খাদ্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু আজকের জন্য নয়, এটাকে অনেক আগে থেকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। নিরাপদ খাদ্যের ওপর গুরুত্ব দিয়ে সরকার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ করেছে। এ ছাড়া ভোক্তা অধিদপ্তর রয়েছে, তারা কাজ করছে। তাদের একটি উদ্দেশ্য, নিরাপদ খাদ্য সবার কাছে তুলে দেওয়া। বিশেষ করে যাঁরা হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট, তাঁরাসহ সবার উদ্দেশ্য—নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া। আর এটি পৌঁছাতে প্রশিক্ষণের বিকল্প নেই।’

খুলনা অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ প্রকল্পের পরিচালক ও কোর্স সমন্বয়ক আবু সায়েদ মো. মনজুর আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের প্রধান উপদেষ্টা টনি খান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (প্রধানমন্ত্রীর কার্যালয়) পরিদর্শক হুমায়ুন কবীর চৌধুরী, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আজম মালিক, উপাধ্যক্ষ সাইফুল ইসলাম ও চেয়ারম্যান রেজাউল করিম।